জল জ্যোত্স্নার কুমারিত্ব বৃষ্টির প্রণাম
সে প্রেম মাটির গহিনে অসীম আনন্দ
গাছে-ঘাসে, লতাগুল্মে, মাটির শরীর সমস্তে
প্রকৃতির রূপেগুণে হরিত্ পত্র নিবেদন
জলের পকেটে মাছ ও শামুক বিনীত;
নদীনালা খালবিলে মাছের ময়ূর
ধ্রুপদী সাজের পুঁটিমাছ দৌড়ে-খেলে ঝিলে
বাধা ভেঙে রাস্তায় হাঁপায় কৈ-শোল-মাগুর।
আমিও বর্ষার ভেতর বৃষ্টি অনুপমে
অন্তরীক্ষ গাম্ভীর্যের গাছ, সে দুয়ার খুলে যাক
মেঘকন্যার শুভ্র বন্দনা, একঝাঁক বলাকার দৌড়
বিজন আনন্দ সেও তো মাছ-মনের সুসংবাদ।
বৃষ্টি কুমারিত্ব জলে শ্রাবণকন্যার প্রেম
বৃষ্টিভেজা সৌহার্দ্যের মাঝে মাটি ও আমি এবং
আমার কবিতা জল ময়ূরের বেগবান।
বর্ষা এলে মাছের মনের মতো আনন্দ আমার
গাছের সবুজ শক্তি, ছন্দ, অন্ত্যমিল
উপমায় মিলেমিশে এ বর্ষায় সব একাকার
বৃষ্টিভেজা প্রেম আমি ও আমার প্রেমিকার।
