ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) গাজী গ্রুপ ক্রিকেটার্সের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে ২০ হাজার টাকা জরিমানা করেছে। আম্পায়ারের সিদ্ধান্ত মানতে না পেরে মাঠে বিচিত্র প্রতিবাদ করেছেন মাহমুদউল্লাহ। গত বুধবার প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ম্যাচে এমন কাণ্ডে গাজীর অধিনায়ক লেভেল-২ ধারা ভঙ্গ করেছেন। মিরপুর স্টেডিয়ামে গত বুধবার গাজী-প্রাইম ব্যাংক ম্যাচে এ ঘটনা ঘটেছে। প্রাইম ব্যাংকের ইনিংসের ১৬তম ওভারে বোলিং করছিলেন নাসুম আহমেদ। অলক কাপালির বিরুদ্ধে কট বিহাইন্ডের আবেদন করেন নাসুম। যেখানে আম্পায়ার সাড়া দেননি। পরে পুরো দল নাসুমের সঙ্গে জোরাল আবেদনে যোগ দেয়। মাহমুদউল্লাহ মেজাজ হারিয়ে বসেন। বাজে ভাষা ব্যবহার না করলেও রীতিমতো মাটিতে লাথি দেন, পা ছুঁড়েন, গড়াগড়ি খেয়ে শুয়ে পড়েন, মাটিতে বসে পড়েন। আম্পায়ারের সিদ্ধান্তের পরিপূর্ণ বিরোধিতাই করেছেন তিনি নানা রকম বিচিত্র কাণ্ডে। আম্পায়ার পুনরায় ফিল্ডিংয়ে দাঁড়াতে বললেও শুরুতে উঠেননি মাহমুদউল্লাহ। তাতেই জরিমানা গুনতে হচ্ছে তাকে।
