কুমিল্লায় সড়ক ও জনপথ (সওজ) কার্যালয়ের কম্পিউটার অপারেটর মো. দেলোয়ার হোসেনের উপর অতর্কিত হামলা চালিয়ে মারধরের অভিযোগ উঠেছে এক ঠিকাদারের বিরুদ্ধে। বুধবার বিকালে ঠিকাদার মোতাহের হোসেন বাবলু অফিসকক্ষে প্রবেশ করে কর্মরত অবস্থায় দেলোয়ার হোসেনকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ করেছেন ওই কর্মচারী। এ ঘটনায় বৃহস্পতিবার সংগঠনের নেতৃবৃন্দ প্রতিবাদ সভা করে ২৪ ঘন্টার মধ্যে হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অন্যথায় বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
এ ঘটনায় সওজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ কুমিল্লা সদর আসনের এমপি, সওজ প্রধান প্রকৌশলী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলীসহ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বরাবর অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে স্বাক্ষর করেন কুমিল্লা সওজ শ্রমিক-কর্মচারী সংগঠনের সভাপতি মো. আবদুল মোতালেব ভূঁইয়া, সিনিয়র সহসভাপতি মো. আনিছুর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. হারুন-অর-রশিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
