কর্মক্ষেত্রে সহিংসতা ও হয়রানি বন্ধে সদস্য সব দেশকে ‘কনভেনশন সি-১৯০’ অনুমোদনের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)। এই কনভেনশনে নারী শ্রমিকসহ সব শ্রমিকের কর্মক্ষেত্রে নিরাপত্তার সঙ্গে স্বাধীনভাবে কাজ করার অধিকার নিশ্চিত করা হয়েছে। আইএলওর সঙ্গে এ সংক্রান্ত চুক্তি অনুযায়ী ছয়টি দেশে আজ শুক্রবার থেকে এই আইন কার্যকর হচ্ছে। দুই বছর আগে আইএলওর শ্রম সম্মেলনে ‘কনভেনশন সি-১৯০’ গৃহীত হয়।
গতকাল ঢাকাস্থ আইএলও কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, এক সমীক্ষায় দেখা গেছে, বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে কর্মরত ৬১ দশমিক ৭ শতাংশ শ্রমিক (নারী ও পুরুষ) কর্মক্ষেত্রে কোনো না কোনো ভাবে হয়রানির শিকার হচ্ছে। এ হয়রানির শিকার হয়ে বহু শ্রমিক কর্মস্থল পরিবর্তন করে। শোভন কাজ, নারী-পুরুষ সমতা ও নারীর ক্ষমতায়নে বাংলাদেশ সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নকে সহজ করতে পারে ‘কনভেনশন সি-১৯০’। এই কনভেনশনটি প্রতিপালন হলে বাংলাদেশের এলডিসি থেকে টেকসই উত্তরণ এবং টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জন সহজ হবে। এ বিষয়ে আইন করা, নীতিপ্রণয়ন ও নিয়ন্ত্রণ কাঠামোসহ সব বিষয়ে বাংলাদেশকে সহায়তা দিতে প্রস্তুত রয়েছে আইএলও।
