অনলাইনে কেনাকাটা করা আর অনলাইনে শিক্ষা দান এক জিনিস নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। তিনি বলেন, অনলাইন এডুকেশন শুধুমাত্র সংকট উত্তরণের জন্য চলতে পারে, অনির্দিষ্ট সময়ের জন্য নয়। অনলাইন এডুকেশন কখনো হাতে-কলমে শিক্ষা এবং মানুষের সম্পৃক্ততার বিকল্প মাধ্যম হতে পারে না।
‘টার্নিটিন ভার্চুয়াল কনক্লেভ : লিভারেজিং টেকনোলজি ফর এনহেনসিং এডুকেশন’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের প্যানেল বক্তা হিসেবে বাংলাদেশ থেকে তিনি অংশগ্রহণ করেন এবং দেশের অনলাইন এডুকেশন নিয়ে গতকাল বৃহস্পতিবার তার অভিমত তুলে ধরেন।
সম্মেলনে টার্নিটিনের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস ক্যারেন স্বাগত বক্তব্য প্রদান করেন। এতে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপালের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষাব্যবস্থার সঙ্গে যুক্ত আগ্রহীরা অংশগ্রহণ করেন।
শিক্ষায় প্রযুক্তির ভূমিকা বিষয়ে তিনি বলেন, গবেষণায় চৌর্যবৃত্তি রোধে অ্যান্টি প্লেজারিজম সফটওয়্যার ‘টার্নিটিন’ অনবদ্য ভূমিকা রাখছে। বাংলা গবেষণাপত্র এবং পুস্তক ইত্যাদির জন্য ‘টার্নিটিন’- এর আদলে বাংলা ভাষায় উন্নত একটি সফটওয়্যার তৈরির আহ্বান জানান। এক্ষেত্রে তিনি দেশীয় প্রযুক্তিবিদদের এগিয়ে আসার অনুরোধ জানান।
উল্লেখ্য, দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে গবেষণায় চৌর্যবৃত্তি ঠেকাতে কেন্দ্রীয়ভাবে একটি সফটওয়্যার কেনার সিদ্ধান্ত নিয়েছে ইউজিসি। বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমের গুণমান সংরক্ষণ ও উন্নয়নে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
