রেলপথমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের সাক্ষাত্

রেলের ভারতীয় অর্থায়নের প্রকল্প নিয়ে আলোচনা

আপডেট : ২৫ জুন ২০২১, ০০:৫৪

রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজনের সঙ্গে সাক্ষাত্ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। গতকাল বৃহস্পতিবার রেলপথমন্ত্রীর দপ্তরে সাক্ষাত্কালে বাংলাদেশ রেলওয়েতে ভারতীয় অর্থায়নের (এল?ওসি) অধীনে চলমান ও ভবিষ্যত্ বিভিন্ন প্রকল্প বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি প্রকল্প হচ্ছে :খুলনা-মোংলা নতুন রেললাইন নির্মাণ, ঢাকা-টঙ্গী ৩য় ও ৪র্থ রেলপথ নির্মাণ প্রকল্প ও টঙ্গী-জয়দেবপুর ডাবললাইন নির্মাণ প্রকল্প। এছাড়া বগুড়া-সিরাজগঞ্জ নতুন রেললাইন নির্মাণ, সৈয়দপুরে ভারতীয় অর্থায়নে একটি নতুন কোচ নির্মাণ কারখানাবিষয়ক আলোচনা হয়। পণ্য পরিবহনের সুবিধার জন্য সিরাজগঞ্জে একটি আইসিডি নির্মাণ করা হবে। এটির কাজের অগ্রগতিসহ আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণ বিষয়েও আলোচনায় উঠে আসে।

রেলপথমন্ত্রী এ সময় পঞ্চগড় থেকে বাংলাবান্ধা হয়ে ভারতের নিউ জলপাইগুড়ি পর্যন্ত একটি নতুন রেললাইন নির্মাণ বিষয়ে বলেন, বাংলাবান্ধা পর্যন্ত একটি নতুন রেললাইন নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভারতীয় অংশে নিউ জলপাইগুড়িতে সংযোগ প্রদানের জন্য তিনটি রুট নির্বাচন করা হয়েছে। ভারতীয় পক্ষের সম্মতিতে সেই অনুযায়ী কাজ শুরু করা হবে। দ্রুত সময়ের মধ্যে বিষয়টি সমাধানের আশ্বাস প্রদান করেন ভারতীয় হাইকমিশনার।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে উভয় অঞ্চলে ৫২টি স্টেশন আধুনিকায়ন ও সংস্কার করা হচ্ছে। স্টেশনগুলোর প্লাটফরম উঁচু করা হচ্ছে। এছাড়া ভারতের ক্যাটারিং সার্ভিসের আদলে বাংলাদেশেও ক্যাটারিং সার্ভিস এবং ট্রেনিং একাডেমিকে আধুনিক ও উন্নত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সাক্ষাত্কালে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার, রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রণব কুমার ঘোষ, অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) কামরুল আহসান উপস্থিত ছিলেন।