৫০ হাজার টাকা যৌতুক দাবিতে স্ত্রীকে নির্যাতন, স্বামী গ্রেফতার

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:১৫

যৌতুকের ৫০ হাজার টাকা না পেয়ে দুই সন্তানের জননী মুন্নী খানমকে (২৫) শারীরিক নির্যাতনের ঘটনায় স্বামী সবুজ হাওলাদারকে (৩১) আটক করেছে পুলিশ। শনিবার সকালে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী গ্রামের শ্বশুর বাড়িতে সবুজ হাওলাদারকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। স্বামীর নির্যাতনের শিকার হয়ে গৃহবধূ মুন্নীকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, গত ৬ বছর পূর্বে গৌরনদী উপজেলার বার্থী গ্রামের মজিবর কাজীর মেয়ে মুন্নী খানমের সঙ্গে আগৈলঝাড়া উপজেলার উত্তর শিহিপাশা গ্রামের মৃত আয়নাল হাওলাদারের ছেলে সবুজ হাওলাদারের সামাজিকভাবে বিয়ে হয়। বিয়ের সময় মেয়ে জামাতা সবুজকে নসিমন ক্রয়ের জন্য যৌতুক হিসেবে নগদ ১ লাখ ৪০ হাজার টাকা, ১ ভরি স্বর্ণালংকারসহ ২ লক্ষাধিক টাকার মালামাল যৌতুক দেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন গৃহবধূ মুন্নী খানম করেন, গত ৬ মাস ধরে তার স্বামী আবার নসিমন ক্রয় করতে ৫০ হাজার টাকা যৌতুক এনে দেওয়ার জন্য তাকে (মুন্নীকে) বিভিন্ন সময় চাপ সৃষ্টি করে আসছিল। দাবিকৃত যৌতুকের টাকা এনে দিতে অস্বীকার করায় প্রায়ই মুন্নীকে শারীরিক ও মানুষিক নির্যাতন করতো স্বামী সবুজ হাওলাদার। দাবিকৃত যৌতুকের টাকার জন্য স্বামী সবুজ হাওলাদার গত ২০দিন পূর্বে তাকে মারধর করে বাবার বাড়িতে তাড়িয়ে দেয়। দাবিকৃত যৌতুকের ৫০ হাজার টাকা না পেয়ে স্বামী সবুজ হাওলাদার শনিবার সকাল ৯টার দিকে বার্থী গ্রামের বাপের (শ্বশুর) বাড়িতে হামলা চালিয়ে তাকে (মুন্নীকে) বেদম মারপিট করে বাম হাত ভেঙ্গে ফেলে। এ সময় মুন্নীর আত্মচিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে স্বামী সবুজকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।

আরো পড়ুন: ধর্ষণের সময় চিৎকার করায় শিশুকে হত্যা করলো শিক্ষক

গৌরনদী মডেল থানার ওসি গোলাম সরোয়ার বলেন, ‘এ ব্যাপারে নির্যাতিতার বাবা মজিবর কাজী বাদী হয়ে মেয়ে জামাতা সবুজ হাওলাদারকে আসামি করে শনিবার রাতে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃত সবুজকে রবিবার সকালে বরিশাল অতিরিক্ত চিফ জুডিয়িশাল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাকে কারাগারে প্রেরণ করেন।’

ইত্তেফাক/বিএএফ