পুরো যাত্রীবাহী বিমানের মাত্র একজন যাত্রী। ভারতের অমৃতসর থেকে দুবাই পর্যন্ত এয়ার ইন্ডিয়ার একটি বিমান মাত্র একজন যাত্রী নিয়ে যাত্রা করেছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদনে বলা হয়ে, ভারতের অমৃতসরের ব্যবসায়ী এস পি সিং ওবেরয় সংযুক্ত আরব আমিরাতে ব্যবসা করেন। অমৃতসর থেকে দুবাই ফিরতে এয়ার ইন্ডিয়ার টিকিট কেটেছিলেন তিনি। তবে যাত্রার দিন দেখেন পুরো বিমানে তিনি ছাড়া আর কোনো যাত্রী নেই।
এ ব্যাপারে তিনি জানান, ২৩ জুন ভোর ৪টায় ফ্লাইট ছিলো তার। বিমানে উঠে দেখেন তিনিই একমাত্র যাত্রী। প্রথমে এমন ফ্লাইটে যেতে না চাইলেও পরে ভারতের কেন্দ্রীয় বিমান মন্ত্রণালয়েরে অনুরোধের পর তিনি রাজি হয়েছেন।

একা বিমান ভ্রমণের অভিজ্ঞতা জানাতে তিনি জানান, ৩ ঘণ্টার যাত্রাপথের জন্য মাত্র ১৫ হাজার রুপি খরচ করে টিকিট কেটেছিলেন। তাতেই লাখ লাখ রুপির চ্যাটার্ড ফ্লাইটের অভিজ্ঞতা মন্দ লাগেনি তার।
তিনি আরও জানান, নিজেকে বেশ ভাগ্যবান মনে করছিলেন। নিজেকে মহারাজা ভাবছিলেন তিনি। বিমানের সব কর্মী অনেক আন্তরিক ছিলেন। ফাঁকা বিমানে বিমান কর্মী আর পাইলটের সঙ্গে অনেক ছবি তুলেছেন।
আবার এমন সুযোগ পেলে একা একা উড়বেন কি না জানতে চাইলে তিনি বলেন, একদম না। একবারের অভিজ্ঞতা হিসেবে ভালো। কিন্তু আর দরকার নেই। খুব একঘেয়ে লাগছিল তার।
ইত্তেফাক/টিআর
