মিরসরাইয়ে গ্রামীণ সড়ক বেহাল

আপডেট : ২৫ জুন ২০২১, ২০:৪২

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা

মিরসরাই উপজেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কগুলোর অবস্থা অত্যন্ত নাজুক হয়ে পড়েছে। কয়েক দিনের টানা বৃষ্টিতে সড়কের ছোট ছোট গর্তগুলো বড় আকার ধারণ করেছে। গর্তে জমে থাকা পানি গাড়ির ইঞ্জিনে প্রবেশ করায় গাড়ি মুহূর্তে অচল হয়ে যাচ্ছে। আঞ্চলিক সড়কের এমন বেহাল দশায় ভোগান্তি পোহাচ্ছে উপজেলাবাসী।

উপজেলা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার ৫০-৬০ কিলোমিটার সড়কে খানাখন্দ রয়েছে। উপজেলার নিজামপুর থেকে শাহেরখালী সড়ক, ঠাকুরদীঘি-ঝুলনপোল সড়ক, মাদবারহাট সড়ক, বামনসুন্দর থেকে শাহজি বাজার সড়ক, জোরারগঞ্জ থেকে আবুরহাট সড়ক, চৈতন্যেরহাট থেকে আবুরহাট সড়ক, আবুতোরাব-বড়তাকিয়া পুরাতন সড়ক, বামনসুন্দর দারোগারহাট থেকে আবুতোরাব সংযোগ সড়ক, ওয়াহেদপুর ইউনিয়নের হাবিবউল্লা ভুঁইয়া সড়ক, দুর্গাপুর-কাটাছরা ইউনিয়নের শিকার জনার্দ্দনপুর গ্রামীণ সড়ক, শহিদ মাহবুবুল আলম ও শহিদ নুরুল হুদা সংযোগ সড়ক, ওচিমিয়াজী সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এসব সড়কে যাতায়াতের প্রধান বাহন সিএনজি-অটোরিকশা। সড়কগুলো ব্যবহারের অনুপযোগী হওয়ায় ভোগান্তির শেষ নেই প্রত্যন্ত অঞ্চলের মানুষের।

ঠাকুরদীঘি-ঝুলনপোল সড়কের নিয়মিত যাতায়াতকারী সিএনজি-অটোরিকশাচালক মো. মামুন উদ্দিন বলেন, সড়কে প্রথমে ছোট ছোট গর্ত থাকলেও যথাসময়ে সংস্কারকাজ না করার ফলে তা বড় হয়ে যায়। বিশেষ করে বর্ষাকালে গর্তগুলোতে পানি জমে যাওয়ার ফলে গাড়ি চালাতে অত্যন্ত কষ্ট হয়ে যায়। পানি ঢুকে সড়কে বিকল হয়ে যাচ্ছে গাড়ি। উপজেলা প্রকৌশলী মো. কামরুজ্জামান বলেন, গ্রামীণ সড়কগুলোতে অতিরিক্ত ওজনের গাড়ি চলাচলের কারণে সড়ক দ্রুত সময়ের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে। উপজেলার ৫০-৬০ কিলোমিটার সড়কের অবস্থা একটু খারাপ। ছোট ছোট গর্ত থাকা অবস্থায় সংস্কারকাজ না করার ফলে তা বড় আকার ধারণ করে। বর্ষা মৌসুম শেষ হলে এগুলো সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।