বর্ষা শুরু হতেই সিলেটের নৌপথে চাঁদাবাজি!

আপডেট : ২৫ জুন ২০২১, ২০:৪৩

হুমায়ূন রশিদ চৌধূরী, সিলেট অফিস 

বর্ষা শুরু হতেই সিলেটের বিভিন্ন নৌপথে চাঁদাবাজি শুরু হয়েছে। নৌরুটের বালুবাহী বলগেট গত এক মাস ধরে চাঁদাবাজি শিকার হচ্ছে। সিলেটের কোম্পানীগঞ্জ থেকে সুনামগঞ্জের জামালগঞ্জের ভাটি পর্যন্ত বিভিন্ন গ্রুপ চাঁদাবাজি করছে।

এ সম্পর্কে তথ্য সংগ্রহের সময় জানা যায়, প্রতিদিন গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ-ছাতক নৌ-রুটে ৬০-৭০টি বালুবাহী বলগেট থেকে কয়েক লাখ টাকা চাঁদা আদায় হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে চাঁদা আদায়ে ব্যবহূত ট্রলারের এক মাঝি বলেন, অনুমতি নিয়েই গোয়াইন ও চেঙ্গেরখাল নদীতে ট্রলারযোগে টাকা আদায় করা হচ্ছে। কার অনুমতিতে টাকা আদায় করা হচ্ছে—এমন প্রশ্নের জবাবে ঐ মাঝি নীরব থাকেন। মূলত সিলেটের গোয়াইনঘাট উপজেলার গোয়াইন ও চেঙ্গেরখাল নদীতে বলগেট থেকে অবাধে চলছে চাঁদাবাজি। গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের একটি প্রভাবশালী চক্র এই চাঁদাবাজির সঙ্গে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। ট্রলারযোগে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বালুবাহী বলগেট থেকে চাঁদা তোলা হয়। নিয়মিত এসব চাঁদা তোলার জন্য রয়েছে নির্ধারিত ট্রলার, মাঝি ও ম্যানেজার। চাঁদা আদায়ের জন্য প্রতিদিন ট্রলারের ভাড়া ১ হাজার টাকা, মাঝির মজুরি ৫০০ টাকা। বালু সমিতির সভাপতি পরিচয় দিয়ে কোথাও কোথাও তারা চাঁদা আদায় করছে। নাম প্রকাশে অনিচ্ছুক নৌযান চালকরা জানান, একে তো করোনা মহামারি, আয়-রোজগার নেই। বালু পাথর আহরণ বন্ধ। ইদানীং সীমিত আকারে কোনো কোনো বালু মহাল সরকার লিজ দিলে নৌযানগুলো ট্রিপ পাচ্ছে। কিন্তু এই ট্রিপের আয়ে ভাগ বসায় চাঁদাবাজ চক্র। নৌযান চালকরা চাঁদা না দিলে তাদের মারধর করা হয়। নৌকার মালামাল লুট করে নিয়ে যায়। এমনি অনেক সময় নৌযানের জ্বালানি পর্যন্ত নিয়ে যায় তারা। এলাকার চিহ্নিত কিছু লোক এসব কাজে জড়িত।

সহকারী পুলিশ সুপার (গোয়াইনঘাট সার্কেল) প্রবাস কুমার সিংহ বলেন, কয়েক দিন আগে চাঁদাবাজির সংবাদ পেয়ে আমরা সেখানে গিয়ে অভিযান পরিচালনা করি। এর পর থেকে চাঁদাবাজি বন্ধ হয়ে যায়। কোনো অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ঐ কর্মকর্তা। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার নৌপথে চাঁদাবাজিসহ নানা অপকর্ম বন্ধ করতে জল-স্থলে পুলিশের ৪৬টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। পুলিশের ১৩টি টিম কাজ করছে। পর্যটক ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বঙ্গবন্ধু মহাসড়কে বসানো হয়েছে চেক পোস্ট। উত্মা পাথর কোয়ারি ও বর্ণী এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। কোম্পানীগঞ্জ থানার এএসআই সুকমল ভট্টাচার্য জানান, নদীপথে কয়েকটি চাঁদাবাজির ঘটনা ঘটেছে। এসব বন্ধ করতে টহল জোরদার করা হয়েছে।