সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
সাতকানিয়ায় দুর্বৃত্তের উপর্যুপরি ছুরিকাঘাতে মোহাম্মদ আবদুল গনি প্রকাশ রকি (২৫) নামের এক যুবক খুন হয়েছে। বৃহস্পতিবার রাত দেড়টার সময় উপজেলার সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বসুমতির দিঘির পশ্চিম পাশের রেললাইনের ওপর এ ঘটনা ঘটে। নিহত রকি কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ৪ নম্বর ওয়ার্ডের গোদার পাড় এলাকার মৃত আহমদ কবিরের ছেলে। স্থানীয় ইউপি সদস্য আবদুল মন্নান স্থানীয়দের বরাত দিয়ে বলেন, ফার্নিচারের দোকানের কর্মচারী রকি প্রায় রাতে রেললাইনে বসে মোবাইলে গেইম খেলত। বৃহস্পতিবার রাতেও মোবাইলে গেইম খেলার সময় দুর্বৃত্তরা এসে তার মোবাইল ও পকেটে থাকা টাকা কেড়ে নিতে চাইলে ঝগড়া লাগে। এক পর্যায়ে তারা রকিকে পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়ারা তাকে চমেক হাসপাতালে ভর্তি করে। শুক্রবার সকালে চিকিত্সাধীন অবস্থায় রকি মারা যায়। সাতকানিয়া থানার ওসি (তদন্ত) সুজন কুমার দে বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় কয়েক জনকে থানায় আনা হয়েছে।
