ভালুকায় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ

আপডেট : ২৫ জুন ২০২১, ২০:৪৭

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা

ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের নারাঙ্গী মৌজায় উঁচুচালা ভূমি থেকে ভেকু মেশিনে মাটি কেটে নিচু ফসলি জমি ভরাট ও নির্বিচারে বনজ গাছ কেটে পোলট্রি হ্যাচারি স্থাপনের কাজ চলছে বলে অভিযোগ উঠেছে। এতে প্রাকৃতিক পরিবেশ হুমকির মুখে পড়ে জনসাধারণের বসবাস করা কঠিন হয়ে পড়বে বলে স্থানীয়দের অভিযোগ। 

অভিযোগে প্রকাশ, স্থানীয় মালিক আফতাব উদ্দিনসহ বেশ কিছু লোকের সহযোগিতায় সিপি পোলট্রি হ্যাচারি স্থাপনের জন্য সরকারি নির্দেশ অমান্য করে বন বিভাগের জমি দখলসহ উঁচু টিলা কেটে ও ভূমির শ্রেণি পরিবর্তন করে পরিবেশের ব্যাপক ক্ষতি সাধন করা হচ্ছে। তাছাড়া অসংখ্য আকাশমনি ও অন্য গাছ কেটে অস্থায়ী স্থাপনা নির্মাণসহ সীমানাপ্রাচীর নির্মাণকাজ শুরু করেন তারা। খবর পেয়ে উথুরা বন বিটের লোকজন কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়ে কিছু মালামাল জব্দ করে নিয়ে আসেন।

অভিযুক্ত আফতাব উদ্দিন জানান, তিনি সিপি কোম্পানির কাছে সিএস মূলে জমি বিক্রি করেছেন। এর সঙ্গে বন বিভাগের জমি থাকায় উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) প্রতিনিধি ও বন বিভাগের প্রতিনিধি নিয়ে মাপ দিয়ে সীমানা নির্ধারণের পর কোম্পানির কাজ করছেন। উঁচু টিলা কাটা বা হ্যাচারির কারণে পরিবেশের ক্ষতি হলে তা পরিবেশ অধিদপ্তর দেখবে। 

কোম্পানির ইঞ্জিনিয়ার মজিবুর রহমান বলেন, ঐ ভূমির শ্রেণির পরিবর্তন ও গাছ কেটে পরিষ্কার করার দায়িত্ব স্থানীয় আব্দুল গফুর ও আফতাব উদ্দিনের।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাইন উদ্দিন জানান, বিষয়টি বন বিভাগের, তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উথুরা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা হারুন অর রশিদ খান জানান, তারা ঐ স্থানে কাজে বাধা দিয়ে কিছু সরঞ্জাম জব্দ করেছেন। এ ব্যাপারে বন আইনে পরবর্তী পদক্ষেপ নেবেন।