মিঠাপুকুরে শিশু রহিমা হত্যা মামলার আসামি কারাগারে

আপডেট : ২৫ জুন ২০২১, ২০:৪৭

মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা

মিঠাপুকুরে ধর্ষণে ব্যর্থ হয়ে রহিমাকে (১০) হত্যা মামলার আসামি রাজা মিয়াকে ফরিদপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার রাতে ফরিদপুর জেলার নগরকান্দা এলাকার তালমার মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার রাতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন রংপুরের সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মো. কামরুজ্জামান। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গত ২৭ মে উপজেলার সন্তোষপুর গাছুয়াপাড়া গ্রামের কৃষক রবিউল ইসলামের মেয়ে রহিমা বিস্কুট নিয়ে রাজা মিয়ার কাছে এলে সে ধর্ষণের চেষ্টা করে। এ সময় সে চিত্কার দিলে রাজা তার গলা টিপে ধরে। পরে মৃত্যু নিশ্চিত করতে ব্লেড দিয়ে গলা কেটে ঘরের মধ্যে গর্ত করে লাশ পুঁতে পালিয়ে যায়। রহিমার পরিবার তাকে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে পরদিন ভোরে প্রতিবেশী রাজা মিয়ার ঘরের খাটের নিচে মাটি খোঁড়া দেখতে পান স্থানীয়রা। এ সময় তাদের সন্দেহ হলে মাটি খুঁড়লে রহিমার হাত দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মিঠাপুকুর থানার ওসি আমিরুজ্জামান বলেন, মোবাইল কলের সূত্র ধরে রাজা মিয়াকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।