স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহীর পুঠিয়ায় বৃহস্পতিবার বিকালে বাড়ির পাশের গর্তের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম তানিয়া খাতুন (আড়াই বছর)। উপজেলার ধোপাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তানিয়া উপজেলার ধোপাপাড়া বাজারের পল্লী চিকিত্সক আলমগীর হোসেনের মেয়ে। তানিয়ার প্রতিবেশী চাচা নুরুল ইসলাম বলেন, তানিয়াকে উঠানে খেলতে দিয়ে তার মা প্রতিদিনের মতো দুপুরের রান্না করছিলেন। রান্না শেষে মা তানিয়ার খোঁজ শুরু করেন। এরপর কোনো সাড়া না পেয়ে বাড়ির সবাই তাকে খুঁজতে থাকে। এ সময় বাড়ির পাশের একটি গর্তের পানিতে তার লাশ ভেসে থাকতে দেখা যায়। পরে তাকে পানি থেকে তুলে দ্রুত পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিত্সক তানিয়াকে মৃত ঘোষণা করেন।
