জয়পুরহাটে কষ্টিপাথরের মূর্তি ও ১৬ কেজি গাঁজা উদ্ধার, আটক ৩
জয়পুরহাট প্রতিনিধি সদর উপজেলায় বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ চোরাচালান ও মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে একটি কষ্টিপাথরের মূর্তি ও ১৬ কেজি গাঁজা উদ্ধার করেছে। এ সময় তিন জনকে আটক করে চকবরকত পুলিশ ফাঁড়ির সদস্যরা। পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা জানান, সদর উপজেলার পাগলাদেওয়ান সীমান্ত এলাকা দিয়ে ভারতে কষ্টিপাথরের একটি মূর্তি পাচার এবং দড়িপাড়া এলাকায় গাঁজা কেনাবেচার খবর পেয়ে বৃহস্পতিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালায় চকবরকত পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জামিনুর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা। চকপাহনন্দা এলাকার আনোয়ার হোসেনের বাড়ির সামনে থেকে আড়াই কেজি ওজনের কষ্টিপাথরের একটি গণেশ মূর্তিসহ সংঘবদ্ধ মূর্তি চোরাচালানি চক্রের তিন সদস্যকে আটক করা হয়। কষ্টিপাথরের গণেশ মূর্তিটির মূল্য ৩০ কোটি টাকা বলে জানায় পুলিশ। অন্যদিকে, স্থানীয় দড়িপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাঁজা ব্যবসায়ীরা পালিয়ে যায় বলে জানান জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে আলমগীর জাহান। আটককৃতদের বিরুদ্ধে জয়পুরহাট থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
হোমনায় সাপের কামড়ে কলেজছাত্রের মৃত্যু
হোমনা (কুমিল্লা) সংবাদদাতা হোমনায় সাপের কামড়ে তামিম (২০) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। মৃত তামিম উপজেলার চান্দেচর গ্রামের মো. আক্তার হোসেনের ছেলে এবং রামকৃষ্ণপুর কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। বাবা মো. আক্তার হোসেন জানান, তামিম প্রতিদিনের মতো বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘরে চেয়ারের ওপর পা রেখে পড়াশোনা করছিল। হঠাত্ চেয়ার থেকে পা নিচে নামালে পড়ার টেবিলের নিচে থাকা একটি বিষধর সাপ দংশন করে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুস সালাম সিকদার বলেন, সাপেকাটা ঐ রোগীকে রাত ৯টার দিকে হাসপাতালে আনার আগেই বিষক্রিয়ায় তার মৃত্যু হয়েছে। হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কায়েস আকন্দ বলেন, সাপের কামড়ে কলেজছাত্রের মৃত্যু হয়েছে শুনেছি। তবে এখনো এ ব্যাপারে থানায় কেউ কিছু জানায়নি।
লোহাগাড়ায় ইয়াবাসহ আটক দুই
লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা লোহাগাড়ায় বৃহস্পতিবার বিকালে ৪ হাজার ১০০ পিস ইয়াবাসহ দুই জনকে আটক করেছে পুলিশ। এ সময় ইয়াবা পাচারে ব্যবহূত একটি মাইক্রোবাস জব্দ করা হয়। শুক্রবার সকালে তাদেরকে চট্টগ্রাম আদালেত সোপর্দ করা হয়েছে। আটককৃতরা হলেন—চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার মো. হাবিবুল্লাহ এবং কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার মো. আবু সুফিয়ান। বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জনান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শুক্রবার তাদের চট্টগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে।
করোনা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে মতবিনিময়
শিবচর (মাদারীপুর) সংবাদদাতা শিবচরে শুক্রবার করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় নুর-ই-আলম চৌধুরী অডিটোরিয়ামে উপজেলা করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধ ও নিয়ন্ত্রণে গঠিত উপজেলা কমিটি এ সভার আয়োজন করে। শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিবচর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মোল্লা।
