মাদক সেবন করলে মিলবে না সরকারি চাকরি :স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২৫ জুন ২০২১, ২১:১৩

বিশেষ প্রতিনিধি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মাদক সেবন করলে মিলবে না সরকারি চাকরি। কেউ ডোপ টেস্টে পজিটিভ হলে সরকারি চাকরি পাবেন না। চাকরিতে আছেন এমন কারো ফল পজিটিভ হলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত আলোচনাসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী অন্তর্জাতিক দিবস ২০২১ উপলক্ষ্যে আলোচনাসভার আয়োজন করে মাদকদ্রব্য নেশা নিরোধ সংস্থা (মানস)।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারি চাকরি পেতে প্রত্যেককে ডোপ টেস্টের আওতায় আনার অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চাকরিরতদেরও ডোপ টেস্টের আওতায় আনা হচ্ছে। বিশেষ করে নিরাপত্তা বাহিনীতে যারা আছেন তাদের ডোপ টেস্ট করা হচ্ছে। ফল পজিটিভ এলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, ‘আমরা ২০৩০ ও ২০৪১ সালের যে রূপকল্প করেছি মাদক নিয়ন্ত্রণ করা না গেলে তা বাস্তবায়ন হবে না। এই ভয়ংকর নেশা থেকে বাঁচানোর জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কাজ করে যাচ্ছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সঙ্গে সঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনও আমরা ঢেলে সাজিয়েছি।’ আলোচনায় মূল প্রবন্ধে মানসের প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ উপদেষ্টা কমিটির সদস্য অধ্যাপক ড. অরূপ রতন চৌধুরী বলেন, ‘বাংলাদেশে জনসংখ্যার ৪৯ ভাগ মানুষ তরুণ। মাদক ব্যবসায়ীরা এই কর্মক্ষম তরুণ জনগোষ্ঠীকে ভোক্তা হিসেবে পেতে চায়। গবেষকরা মাদকাসক্তদের ৮০ শতাংশকে কিশোর-তরুণ হিসেবে চিহ্নিত করেছেন।’

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেন, মাদকাসক্ত ব্যক্তির চিকিত্সায় তার পরিবারের সার্বিক সহযোগিতা দরকার। সবার সম্মিলিত সহযোগিতায় মাদকাসক্তদের ভালো করা যেতে পারে। সভায় আরো উপস্থিতি ছিলেন মানসের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান তালুকদার, কোষাধ্যক্ষ হোসনে আরা রীনা প্রমুখ।