ইত্তেফাক রিপোর্ট
সাভারে অপহরণের এক দিন পর অপহূত এক যুবককে উদ্ধার করেছে র্যাব-৪। অপহূত ঐ যুবকের নাম খোকন। এ ঘটনায় জড়িত পাপ্পু গ্যাংয়ের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গতকাল দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৪ সিপিসি ২-এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার রাকিব মাহমুদ খান। গ্রেফতারকৃতরা হলো—মো. পাপ্পু , মো. নাহিদ, মো. রিমন ও মো. রাকিব ।
র্যাব জানায়, বুধবার রাত ৯টার দিকে বোনের বাড়ি আশুলিয়ার গাজীরচট এলাকা থেকে খোকনকে অপহরণ করে পাপ্পু গ্যাংয়ের সদস্যরা। অপহরণকারীরা তাকে একটি বাসায় আটকে রেখে মারধর করে এবং তার বোনের কাছে মোবাইল ফোনে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এছাড়া দাবিকৃত মুক্তিপণের টাকা না দিলে খোকনকে মেরে ফেলারও হুমকি দেয়। এ ঘটনায় অপহূত খোকনের পরিবারের পক্ষ থেকে র্যাবের কাছে অভিযোগ দিলে তদন্ত শুরু করে তারা। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ধামরাইয়ের ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে অপহূত খোকনকে উদ্ধার এবং অপহরণকারী দলের নেতা পাপ্পুসহ চার সদস্যকে গ্রেফতার করা হয়।
লে. কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাপ্পু গ্যাংয়ের সদস্যরা জানিয়েছে তারা দীর্ঘদিন ধরে আশুলিয়া, সাভার ও ধামরাই এলাকাসহ আশপাশের এলাকায় বিভিন্ন কৌশল অবলম্বন করে ডাকাতি, ছিনতাই এবং অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছিল।
