দেশের গানের মন মাতানো আয়োজন
ইত্তেফাক রিপোর্ট
গানের ক্ষেত্রে প্রতিটি মানুষের ভিন্ন ভিন্ন পছন্দ থাকে। কিন্তু দেশের গান সব মানুষকেই আলোড়িত করে। বিশ্ব সংগীত দিবস উপলক্ষ্যে সংগীত সংগঠন সমন্বয় পরিষদ আয়োজিত পঞ্চম দিনের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল দেশের গান দিয়ে। ভাচুর্য়াল এ অনুষ্ঠানে শিল্পীদের গাওয়া গান মুগ্ধতা ছড়াল শ্রোতাদের হূদয়ে। দেশের গান নিয়ে গতকাল আলোচনা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম. হামিদ। উপস্থাপনায় ছিলেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বজিত্ রায়।
অনুষ্ঠানে গানের পর্ব শুরু হয় শিল্পী সঞ্চিতা দত্তের গাওয়া ‘ভেবো না গো মা’ এবং ‘একতারা লাগে না আমার’ গান দুটি পরিবেশনের মধ্য দিয়ে। এরপর সৃজ্যোতি রায় শোনান ‘মাগো ধন্য হলো জীবন’ ও ‘এই বাংলার মাটিতে’। পরেশ ভৌমিক গেয়ে শোনান ‘বাংলা আমার আমি বাংলার’ ও ‘আজ তোমাদের কথা মনে পড়ে’। বিপ্লব কুমার ভক্ত পরিবেশন করেন ‘সাঁঝের বেলায় পাখি ফিরে’ ও ‘আমার দেশের মতন এমন দেশ কী কোথাও আছে’। মৌমিতা পালের গাওয়া গানগুলো ছিল ‘দিগন্ত জোড়া মাঠ’ ও ‘আমার মায়ের মত মা’। নদী ইসলাম শোনান ‘এই পদ্মা এই মেঘনা’। সবশেষে শিল্পী চট্টোপাধ্যায় নিবেদন করেন ‘সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য’ ও ‘প্রতিদিন তোমায় দেখি সূর্যরাগে’।
আজ শনিবার ষষ্ঠ দিনের বিষয় গণসংগীত। শিল্পীরা দেশের জনপ্রিয় কিছু গান গেয়ে শোনাবেন। গান গেয়ে শোনাবেন শিল্পী সুরাইয়া পারভীন, উদয়শংকর বসাক, রজত দত্ত, তজিরুল ইসলাম, মালিহা, নওশিন আনজুম ও রেজা সাইফুল। এই লিংকে গিয়ে অনুষ্ঠান দেখতে পারবেন- https://www.facebook.com/groups/ 2635285070125355
