কানে পা রাখলেন বাঁধন

আপডেট : ২৬ জুন ২০২১, ০০:২৬

 বিনোদন রিপোর্ট

 

অবশেষে সকল অনিশ্চয়তা কাটিয়ে কানে পা রাখলেন অভিনেত্রী আজমেরি হক বাঁধন। বৃহস্পতিবার দিবাগত রাত ভোর ৪টায় প্যারিসের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন বাঁধনসহ ‘রেহানা মরিয়ম নূর’ ছবিটির আরো ৭ জন কলাকুশলী। এছাড়াও ক’দিন পর ছবিটির সহ-প্রযোজক কানের উদ্দেশ্যে যাত্রা করবেন। 

ঢাকা ছাড়ার আগে বাঁধন বলেন, ‘গতকাল একটা কনফরমেশন মেইল পেলেও আজ (২৪ জুন) বিকেল ৩টায় আমরা ভিসা-পাসপোর্ট হাতে পেয়েছি। যেটি পাওয়ার আগ পর্যন্ত আমরা আসলে নিশ্চিত ছিলাম না যাওয়া হবে কি-না। তবে আমাদের ভাগ্য অনেকটাই ভালো ছিল। কারণ টিকেটগুলো আগেই কাটা হয়েছিল। আজ ভোর রাতে (বৃহস্পতিবার) কানের উদ্দেশ্যে যাত্রা করবো।’ কানে নিজের ছবি ও অংশগ্রহণের অনুভূতি জানিয়ে তিনি আরো বলেন, ‘ভিসা পাওয়ার পর আরো নার্ভাস লাগছে। এতদিন বিষয়টি ছিল কাগজে-কলমে। আর এখন আমি সত্যি সত্যি কান উত্সবে যাচ্ছি। সেখানে আমাদের রেহানা মরিয়ম নূর ছবিটির প্রিমিয়ার হবে। রেড কার্পেট হাঁটবো। আমি বিশ্বাস করতে পারছি না। এটা আমার না আমাদের সবার অর্জন। পুরো বাংলাদেশের জন্য বড় একটা পাওয়া। অনেক শ্রম দিয়েছি এই চলচ্চিত্রটির জন্য। আরো আনন্দের সংবাদ নিয়ে ফিরতে চাই।’ জানা গেছে, কানে পৌঁছানোর পর ১০ দিন পুরো টিম থাকবে কোয়ারেন্টিনে।

ছবিটির নির্মাতা সাদ বলেন, ‘১৬ জুলাই ঊন সের্তেই রিগার্তে বিভাগের অ্যাওয়ার্ড ডিক্লারেশনের সময় বাংলাদেশ থেকে অডিয়েন্সে থাকবো আমরা ৮ জন। আর নার্ভাস থাকবে বাঁধন, সাউন্ড ইঞ্জিনিয়ার শৈব, কালারিস্ট চিন্ময়, প্রোডাকশন ডিজাইনার উজ্জ্বল, সিনেমাটোগ্রাফার তুহিন, কো-প্রোডিউসার মহাজন, একজিকিউটিভ প্রোডিউসার বাবু আর রাইটার ডিরেক্টর আব্দুল্লাহ মোহাম্মদ সাদ।’

উল্লেখ্য, বিভিন্ন দেশের ২ হাজার ৫শ’ ছবি ভেতর থেকে প্রতিযোগিতায় স্থান পেয়েছে বাংলাদেশের ‘রেহানা মরিয়ম নূর’সহ মোট ৪৪টি ছবি। বাঁধন অভিনীত ‘রেহানা মরিয়ম নূর’ ছবিটির মাধ্যমে প্রথমবার কান উত্সবের প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের কোনো ছবি স্থান পেয়েছে। আগামী ১৬-১৭ জুলাই চলবে চলচ্চিত্রের এই মর্যাদাপূর্ণ আসরটি। উত্সব শেষে ১৮ জুলাই দেশে ফিরবেন বাঁধন।