শাহরুখে ভরসা নয়নতারার!

আপডেট : ২৫ জুন ২০২১, ২১:২৫

 বিনোদন ডেস্ক

 

দক্ষিণী অভিনেত্রী নয়নতারার ‘নেত্রীকান’ সিনেমা মুক্তির প্রহর গুনছে। পাশাপাশি ‘আন্নাথে’, কঠু ভাদুলা রেন্দু কদল’ সিনেমাগুলোর কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। নির্মাতারাও তাকে তাদের সিনেমাতে নিতে আগ্রহী হয়ে পড়েছেন। আর এরই ভেতরে নতুন আরো একটি আনন্দের খবর ভক্তদের দিয়ে শিরোনামে এলেন তিনি। বলিউড সুপারস্টার শাহরুখ খানের সঙ্গে  জুটি বাঁধতে যাচ্ছেন এই অভিনেত্রী। অ্যাকশন ঘরানার এই সিনেমাটিতে প্রধান নারী চরিত্রে দেখা যাবে তাকে। অ্যাটলির পরিচালনায় শাহরুখ-নয়নতারা ছাড়াও বেশ কয়েকজন তারকা অভিনয় করবেন সিনেমাটিতে। এই সিনেমাটি নয়নতারার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেবে বলে মন্তব্য করেছেন নির্মাতা অ্যাটলি। নিজের ক্যারিয়ারের এমন সুযোগ অনন্য অর্জন মন্তব্য করে নয়নতারা বলেন, ‘ভালো কাজের অংশ হতে পারা যেকোনো শিল্পীর জন্যই অনেক বেশি আনন্দের। শুরু থেকেই এমন দিনের অপেক্ষায় ছিলাম। নিজের অবস্থান তৈরি করতে অনেক পরিশ্রম করেছি। অবশেষে এই খবরটি সবাইকে জানাতে পেরে খুবই ভালো লাগছে। শাহরুখ খানের মতো সুপারস্টারের সঙ্গে পর্দা ভাগাভাগি করার সুযোগ পাওয়া ক্যারিয়ারে অনন্য অর্জন। শাহরুখের সঙ্গে অভিনয় বলিউড ভাগ্য খুলে দিতে পারে। অ্যাটলির নির্দেশনায় এর আগেও বেশ কয়েকটি সিনেমাতে অভিনয় করেছি। আশা করছি আমাদের সকলের প্রচেষ্টায় দারুণ কিছু হতে যাচ্ছে।’