স্পোর্টস রিপোর্টার
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব, সময়ের স্বল্পতার কারণে ফরম্যাটই বদলে ওয়ানডে থেকে টি-২০ করা হয়েছে। বর্ষার মৌসুমে স্বাভাবিকভাবেই ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে হানা দিয়েছে বৃষ্টি। প্রকৃতির বৈরিতা ঠেলেই এগিয়ে যাওয়া লিগ এখন শেষের দুয়ারে। আজ সুপার লিগের পঞ্চম রাউন্ড তথা শেষ দিনে ফয়সালা হবে লিগ শিরোপার।
ট্রফির লড়াইয়ে টিকে আছে শুধু দুটি ক্লাব। আজ ২০২০-২১ মৌসুমের শিরোপা নির্ধারণ হবে আবাহনী লিমিটেড-প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ম্যাচে। ম্যাচটি হয়ে পড়েছে অলিখিত ফাইনাল। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিরুদ্ধে প্রাইম ব্যাংকের লড়াইয়ে জয়ী দলই শিরোপা জিতবে।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ ম্যাচটি শুরু হবে বেলা ২টায়। যদিও আগের সূচি অনুযায়ী ম্যাচটি সকাল সাড়ে ৯টায় শুরু হওয়ার কথা ছিল। সুপার লিগের ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করে গতকাল সূচি পরিবর্তনের ঘোষণা দিয়েছে সিসিডিএম (ক্রিকেট কমিটি অব মেট্রোপলিস)।
পরিবর্তিত সূচিতে সকালে প্রাইম দোলেশ্বর-মোহামেডান, সন্ধ্যা সাড়ে ৬টায় গাজী গ্রুপ ক্রিকেটার্স-শেখ জামাল ধানমন্ডি ক্লাব মুখোমুখি হবে। ১৫ ম্যাচে ৯ জয়ে ২১ পয়েন্ট পাওয়া দোলেশ্বরের সামনে সুযোগ রানার্সআপ হওয়ার। আজ মোহামেডানকে হারালেই তারা হবে লিগের দ্বিতীয় দল।
রাউন্ড রবিন লিগ শেষে পয়েন্ট তালিকার শীর্ষে ছিল প্রাইম ব্যাংক। কিন্তু সুপার লিগে চার ম্যাচের দুটিতে হেরে গেছে, তাতেই আবাহনী তাদের নাগালে চলে এসেছে। সুপার লিগে একটি ম্যাচ হেরেছে আবাহনীও। ১৫ ম্যাচে দুই দলই ২২ পয়েন্ট করে পেয়েছে। তবে প্রাইম ব্যাংকের (০.৬১৮) চেয়ে রান রেটে এগিয়ে থাকায় কিছুটা স্বস্তিতে আছে আবাহনী (০.৬৫৭)। বৃষ্টির কারণে আজ ম্যাচটি না হলে গড়াবে রিজার্ভ ডে তে। পরদিনও একই কারণে ম্যাচ না হলে পয়েন্ট ভাগাভাগি হবে। তখন রান রেটে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হবে আবাহনী।
এমন ম্যাচে ইনজুরির কারণে আবাহনীতে নেই মুশফিকুর রহিম, প্রাইম ব্যাংক পাচ্ছে না তামিম ইকবালকে। তারপরও হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করা হচ্ছে। লিগ পর্বে প্রাইম ব্যাংককে হারিয়েছিল আবাহনী। যে জয় আজ প্রেরণা জোগাবে তাদের।
ব্যাটিংয়ে লিটন দাসের রানে ফেরা স্বস্তির খবর, টপঅর্ডারে ইনফরম মুনিম শাহরিয়ার, শান্ত, নাঈম শেখ আবাহনীর বড় অস্ত্র। বোলিংয়ে সাইফউদ্দিন আছেন দারুণ ছন্দে। ওপেনার রনি তালুকদার, মিডল অর্ডারে বিজয়, মিঠুন, অভিজ্ঞ অলক কাপালিরা প্রাইম ব্যাংকের ভরসা। তবে বোলিংয়ে মুস্তাফিজ, রুবেল, শরীফুলরা জ্বলে উঠলে আবাহনীর পথ কঠিন হয়ে যাবে।
আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন আশাবাদী শিরোপা জয়ে। গতকাল তিনি বলেছেন, ‘দুটি দলই বেশ ভারসাম্যপূর্ণ। যারা ভালো খেলবে তারাই জিতবে লিগ। আমরা তাদের হারিয়ে শিরোপা জিততে চাই।’
দ্বিতীয় বার লিগের ট্রফি জেতার আশায় খেলবে প্রাইম ব্যাংক। ২০১৪-১৫ মৌসুমে প্রথম বার চ্যাম্পিয়ন হয়েছিল ক্লাবটি। কোচ সরোয়ার ইমরান বলেছেন, ‘আমার মনে হয় আমাদের ভারসাম্যপূর্ণ দল আছে, সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে আমরা শিরোপা জিততে পারব। আমাদের সবগুলো সুযোগ নিতে হবে, নার্ভ ধরে রেখে চাপ ভুলে খেলতে হবে।’
