স্পোর্টস ডেস্ক
জাতীয় দলের হয়ে এডিনসন কাভানির ৫২তম আন্তর্জাতিক গোলে বৃহস্পতিবার কোপা আমেরিকায় বলিভিয়াকে ২-০ গোলে হারিয়েছে উরুগুয়ে। টুর্নামেন্টে এটি তাদের প্রথম জয়। ম্যাচের প্রথমার্ধে বলিভিয়ার গোলরক্ষক কার্লোস লাম্পের আত্মঘাতী গোলে এগিয়ে যায় উরুগুয়ে। পরে গোল করেন কাভানি। এই হারে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে বলিভিয়া। ফলে গ্রুপের বাকি চারটি দল নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনাল। এদিকে আরেক ম্যাচে চিলিকে ২-০ গোলে হারিয়েছে প্যারাগুয়ে।
ম্যাচের ৪০ মিনিটের সময় ডি আরাসকায়েটার ক্রসের বল প্রতিহত করতে গিয়ে জাইরো কুইন্টেরো পা ছোঁয়ালে সেটি গোলরক্ষক লাম্পের গায়ে লেগে নিজেদের জালেই জড়িয়ে যায়। পরে ম্যাচের ৭৯তম মিনিটে ফাকুয়ানডো টরেসের ক্রসের বল থেকে দারুণ দক্ষতায় গোল করেন কাভানি।
