নওগাঁর ‘তাল বেলাল’

চার বছরে লাগিয়েছেন আড়াই লাখ তালগাছ

আপডেট : ২৫ জুন ২০২১, ২১:৪১

নওগাঁর সাংবাদিক মাহমুদুন নবী বেলাল নিজ উদ্যোগে বিগত চার বছরে নওগাঁ ও রাজশাহী জেলায় আড়াই লাখ তালগাছ রোপণ করেছেন। তালগাছকে বিলুপ্তি থেকে বাঁচাতেই তার এই মহতী উদ্যোগ। নওগাঁয় ৭৫ কিলোমিটার সড়কে বর্তমানে শোভা পাচ্ছে সাংবাদিক বেলালের রোপণ করা তালগাছ। এ ছাড়া ২৫ হাজার ফলদ ও ঔষধি গাছও লাগিয়েছেন বেলাল। ফেসবুকে ‘তাল বেলাল’ আইডি থেকে প্রায় প্রতিদিন তিনি তালগাছ পরিচর্যা ও তালের বীজ লাগানোসহ বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছ রোপণের ছবি ও ভিডিও তুলে ধরছেন। ফলে ইতিমধ্যে তিনি ‘তাল বেলাল’ নামে নওগাঁসহ সারা দেশে পরিচিতি লাভ করেছেন।

মোহনা টেলিভিশনের নওগাঁ জেলা প্রতিনিধি মাহমুদুন নবী বেলালের বাড়ি মান্দা উপজেলার বৈলশিং পানাতাপা গ্রামে। তিনি সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা কমিটির সাধারণ সম্পাদক। বেলাল বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষায় গত তিন-চার বছর ধরে জেলার বিভিন্ন স্থানে ও রাস্তার পাশে তালবীজ রোপণ করেছি। পাশাপাশি নওগাঁ-রাজশাহী মহাসড়কের নওহাটা মোড় থেকে রানীরপুকুর পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার রাস্তার দুপাশে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী ১০ হাজার গাছের চারা রোপণ করেছি। এ ছাড়া নওগাঁ আদালত চত্বরের সামনেও বিভিন্ন প্রজাতির দুই শতাধিক গাছের চারা রোপণ করে নিজেই নিয়মিত পরিচর্যা করছি।’ তিনি আরো বলেন, ‘তিন বছর ধরে প্রায় ৭৫ কিলোমিটার রাস্তার দুপাশে ১ লাখ করে তালবীজ রোপণ করেছি। এ কাজে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। পরিবেশের ভারসাম্য রক্ষায় তালবীজ রোপণে ব্যক্তি উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।’

তালের আঁটি রোপণে বেলালকে সার্বক্ষণিক মানসিকভাবে সাহস দিয়েছেন তার বাবা স্বাস্থ্য বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহিম হোসেন ও বেলালের স্ত্রী মৌসুমী খাতুন। নওগাঁ-রাজশাহীর ৭৫ কিলোমিটার সড়কের দুই ধারে এই মহাযজ্ঞ চালিয়ে যেতে কত টাকা ব্যয় হয়েছে জানতে চাইলে তিনি টাকার হিসাব প্রকাশে অপারগতা প্রকাশ করেন। এক যুগ আগে গহের আলী (১০৭) তালগাছ রোপণ করে পেয়েছিলেন জাতীয় পরিবেশ পদক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার হাতে ২০০৯ সালে পদক তুলে দিয়েছিলেন। এর পরের বছর মারা যান গহের আলী। সেই ফলবতী তালগাছগুলো এখন আর নেই। সড়ক প্রশস্ত করতে গিয়ে সব তালগাছ কাটা পড়েছে। তবে গহের আলীর ঐতিহ্য ধরে রেখেছেন সাংবাদিক মাহমুদুন নবী বেলাল। নতুন করে  রোপণ করেছেন তালের আঁটি। একদিন গহের আলীর সেই স্থানে তালগাছগুলো মাথা উঁচু করে দাঁড়াবে বলে বিশ্বাস বেলালের।

বেলাল বলেন, ‘আমার ইচ্ছা এই বর্ষায় নওগাঁ সদর উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে কমপক্ষে ১০টি করে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিনা মূল্যে রোপণের জন্য বিতরণ করব। এ লক্ষ্যে প্রায় ৩০ হাজার গাছের চারা প্রস্তুত করা হচ্ছে। সরকারিভাবে বেশি বেশি গাছের চারা বিতরণের উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্টদের কাছে দাবি জানান তিনি।