নেত্রকোনায় চায়ের দোকানে বসাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক খুন

আপডেট : ২৫ জুন ২০২১, ২১:৪৪

এক জন গ্রেফতার

নেত্রকোনা প্রতিনিধি

জেলার দুর্গাপুরে চায়ের দোকানে বসাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছে। নিহত আনোয়ার হোসেন কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের পশ্চিম আনন্দপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে। এ ঘটনায় পুলিশ ফারুক নামের একজনকে গ্রেফতার করেছে।

জানা যায়, দুর্গাপুর উপজেলার বড়ইউন্দ বাজারে গত বৃহস্পতিবার রাতে হানিফ মিয়ার চায়ের দোকানে বসাকে কেন্দ্র করে আনোয়ার হোসেনের সঙ্গে বড়ইউন্দ গ্রামের মরম আলীর ছেলে সোহেল মিয়ার কথা-কাটাকাটি হয়। পরে বিষয়টি মীমাংসার জন্য ঘটনার সময় উপস্থিত স্থানীয় সাবেক ইউপি সদস্য আব্দুল জব্বার উভয় পক্ষকে ঐ বাজারের স্বপন মিয়ার দোকানে নিয়ে যান। সেখানে আলোচনার সময় আবারও কথা-কাটাকাটির এক পর্যায়ে সোহেল মিয়া ও তার ভাই জুয়েল মিয়া, বাবা মরম আলী ও তাদের লোকজন প্রতিপক্ষ আনোয়ার হোসেন, তার চাচাতো ভাই মনির হোসেন ও বাবা মকবুল হোসেনের ওপর আক্রমণ চালায় এবং ছুিরকাঘাত করে। ছুরিকাঘাতে গুরুতর আহত ঐ তিন জনকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক আনোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুই জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহা নূর এ আলম বলেন, নিহত আনোয়ারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।