অপহূতা উদ্ধার
স্টাফ রিপোর্টার, রংপুর
সহজ সরল মানুষদের প্রেম ও বিভিন্ন সম্পর্কের ফাঁদে ফেলে কৌশলে অপহরণ ও মুক্তিপণ দাবি করা একটি প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে মহানগর পুলিশ। এসময় এক অপহূতকেও উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, রতন মোহন্ত, রফিকুল ইসলাম ওরফে রফিক বানিয়া ও মীরা বেগম ওরফে মিতা। চক্রটি সম্প্রতি নীলফামারীর সৈয়দপুর উপজেলার উত্তর সোনাখুলী গ্রামের ব্যাসদেব নামে এক যুবককে অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টা করছিল। গতকাল শুক্রবার মহানগর পুলিশের সহকারী কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) ফারুক আহমেদ প্রেরিত এক প্রেস বার্তায় বলা হয়, গত বৃহস্পতিবার শ্রী ব্যাসদেবকে অপহরণ করে প্রতারক চক্রটি। ব্যাসদেবের মামা উত্তম চন্দ্র দাসসহ পরিবারের লোকজন কোতোয়ালি থানা পুলিশকে অপহরণ ও মুক্তিপণ দাবির বিষয়টি অবগত করেন। এ ঘটনায় সৈয়দপুর থানায় একটি অভিযোগ করা হয়। পরে সেখান থেকে আসামিরা রংপুরে অবস্থান করছে বলে জানানো হলে রাতেই নগরের বিভিন্ন স্থানে ব্যাপক অভিযান চালায় পুলিশ। অভিযানকালে নগরীর সাতগাড়া মিস্ত্রিপাড়ার একটি বহুতল ভবনের নিচতলা হতে অপহূত যুবককে উদ্ধার ও অপহরণকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মেট্রোপলিটন কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে।
