যশোরের অভয়নগরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মোটরসাইকেল ধাক্কা খেয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দুই জন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এছাড়াও গতকাল বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আরো তিন জন নিহত হয়েছে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—
যশোর : অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের আলীপুর নামক স্থানে যশোর-খুলনা মহাসড়কে দুর্ঘটনায় নিহত দুই আনসার সদস্য হলেন—কুষ্টিয়া জেলার মিরপুর আলনা গ্রামের মোকছেদ আলীর ছেলে আনসার মো. নজরুল ইসলাম (৩৫)। অপর জন গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার বিশ্বাসপাড়ার শমসের আলী খানের ছেলে মো. শাহাদাত্ হোসেন (৩৪)। নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খান এহসান উল আলম জানান, ঘটনাস্থলে মোটরসাইকেল চালকের মৃত্যু হয়। গুরুতর আহত অপর জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান।
শ্রীপুর (গাজীপুর) : গতকাল শ্রীপুরে মাওনা-গফরগাঁও আঞ্চলিক সড়কের সোহাদিয়া এলাকায় লড়ি-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রফিকুল ইসলাম (৪০) নামে এক অটোচালক নিহত হয়েছেন। রফিকুল কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার তারাকান্দি গ্রামের মৃত রইস উদ্দিনের ছেলে।
বোদা (পঞ্চগড়) : উপজেলায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকে থাকা আব্দুর রউফ নামে দুই বছরের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে শিশুটির বাবা, মা, বোন ও ইজিবাইক চালক। নিহত শিশুর বাড়ি তেঁতুলিয়া উপজেলার তিরনই হাট এলাকায়। সে ঐ এলাকার আইনুল ইসলামের ছেলে।
বরগুনা (উত্তর) : বরগুনায় সড়ক দুর্ঘটনায় শৈলেন চন্দ্র শীল (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি বরগুনা পৌরসভার সাবেক মেয়র মো. শাহাদাত হোসেনের একটি ব্রিকসের ম্যানেজার হিসেবে ৩০ বছর কর্মরত ছিলেন। গতকাল মেয়র শাহাদাত হোসেনের সঙ্গে বাসায় দেখা করতে যান। তার বাসায় প্রবেশের সময় পেছন থেকে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
