ইউরোর নকআউট শুরু আজ

ওয়েলস-ডেনমার্ক মুখোমুখি

আপডেট : ২৬ জুন ২০২১, ০০:২৪

বাংলাদেশে করোনা আতঙ্ক, ব্রাজিলে কোপা আমেরিকা চললেও সেখানে করোনার কারণে দর্শক স্টেডিয়ামে ঢুকতে পারবে না। ইউরোপে চলছে ইউরো। জমজমাট আসর। ১১টি দেশের মাঠে খেলা। প্রায় সব দেশেই দর্শক মাঠে গিয়ে খেলা দেখছে। টিভির পর্দা খুললেই দেখা যায় ইউরোর দর্শক মাতামাতি। কারণও আছে। ২০২০ সালে এই ইউরো হওয়ার কথা ছিল। কিন্তু করোনায় এক বছর পিছিয়ে গিয়েছিল ইউরো। যে কারণে ইউরোপের দর্শক এক বছর অপেক্ষায় ছিলেন টানটান উত্তেজনার ম্যাচ দেখবেন বলে। ইউরোপে করোনা কিছুটা কমে আসায় ফুটবল দর্শক যেন হুমড়ি খেয়ে ছুটছেন মাঠে। স্টেডিয়াম আর স্টেডিয়ামের বাইরে ছিল ফুটবলমুখর। উত্সবের আমেজ ছড়িয়েছে।

গ্রুপ পর্বের পর শেষ ষোলোর লড়াইয়ে একের পর এক  ম্যাচ অপেক্ষা করছে দর্শকদের জন্য। ইউরোপের সেরাদের লড়াইয়ে  আজ দেখা যাবে ফুটবলের নান্দনিক সৌন্দর্য। কোপায় আমেরিকায় গ্যালারিতে দর্শক নেই বলে অনেক সময় ব্রাজিল কিংবা আর্জেন্টিনার ম্যাচেও ঘুমে চোখ টেনে আনে। সেই তুলনায় ইউরো বেশি আনন্দ দিচ্ছে দর্শকদের। ফুটবল উত্সবে পরিণত করেছে।

৬ গ্রুপ থেকে ২৪ দলের লড়াইয়ের পর নকআউট পর্বে ওঠা ১৬ দল নিয়ে লড়াই আজ শুরু হবে। হারলেই বাড়ি ফেরার টিকিট। আজ রাত ১০টায় নেদারল্যান্ডসের আমস্টারডামে ওয়েলশ, ডেনমার্ক এবং লন্ডনে রাত ১টায় ইতালি-অস্ট্রিয়া মুখোমুখি হবে।