খুলনায় শনাক্তের রেকর্ড সাতক্ষীরা, রাজশাহীতে বাড়ছে মৃত্যু

আপডেট : ২৫ জুন ২০২১, ২২:১১

করোনায় দেশের বিভিন্ন স্থানে সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। গতকাল খুলনা বিভাগে এক দিনে রেকর্ডসংখ্যক ১ হাজার ৩২২ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছে ২৩ জন। রাজশাহীতেও মারা গেছে ১৪ জন। বগুড়াতেও বেড়ে চলেছে সংক্রমণ। নানা বিধিনিষেধ দিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কঠিন হচ্ছে। কম-বেশি এমন চিত্র দেশের প্রায় সব এলাকাতেই। বিভিন্ন জেলা থেকে ইত্তেফাকের প্রতিনিধিদের পাঠানো খবর :

খুলনা অফিস :খুলনা বিভাগে করোনা ভাইরাস ভয়াবহ রূপে ছড়িয়ে পড়েছে। শনাক্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনায় আক্রান্ত হয়ে আরো ২৩ জনের  মৃত্যু হয়েছে। এই সময়ে বিভাগে নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ৩২২ জন। যা এখন পর্যন্ত সর্বোচ্চ শনাক্ত। এর আগে, গত ১৮ জুন সর্বোচ্চ ১ হাজার ৩৩ জনের করোনা শনাক্ত হয়। গতকাল শুক্রবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেন। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে কুষ্টিয়ার সর্বোচ্চ সাত জন, খুলনার পাঁচ জন, যশোরের পাঁচ জন, ঝিনাইদহের দুই জন, চুয়াডাঙ্গার এক জন, সাতক্ষীরার এক জন, বাগেরহাটের এক জন এবং মেহেরপুরের এক জন মারা গেছেন।

সাতক্ষীরা : সাতক্ষীরায় প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে জেলায় ছয় নারীসহ আরো আট জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ (সমাকে) হাসপাতালে সাত জন ও শহরের একটি বেসরকারি ক্লিনিকে এক জন মারা গেছে। এ নিয়ে গত চার দিনের ব্যবধানে সাতক্ষীরায় করোনা আক্রান্ত হয়ে ছয় জনসহ মোট ৩৪ জনের মৃত্যু হলো।

রাজশাহী :রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো ১৪ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত চিকিত্সাধীন অবস্থায় তারা মারা যান। এদের মধ্যে পাঁচ জন পজিটিভ ও ৯ জন উপসর্গে মারা যান। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

বগুড়া : বগুড়ায় লকডাউনের পঞ্চম দিনেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। প্রতিদিনই বাড়ছে শনাক্ত-মৃত্যু। তিল ধারণের ঠাঁই নেই জেলার দুটি হাসপাতালে। অতিরিক্ত বেড সংযুক্ত করেও করোনার উপসর্গ নিয়ে ভর্তি রোগীদের চাপ নিতে হিমশিম খাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমলেও বেড়েছে আক্রান্তের সংখ্যা।

নাটোর :নাটোর সদর হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় দুই জন ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে এক জন মোট তিন জনের করোনায় মৃত্যু হয়েছে। এর মধ্যে নাটোর সদর হাসপাতালে ৭০ বছর বয়সি মৃত্যুবরণকারী দুই জনের এক জন নারী এবং অপর জন পুরুষ। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৭৮ জন।

চাঁপাইনবাবগঞ্জ :গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে চাঁপাইনবাবগঞ্জে পাঁচ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে এক জন ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চার জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ১২৬ জন মারা গেল। অন্যদিকে ৪৯২ জনের নমুনা পরীক্ষায় ৬৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১২.৮০ শতাংশ।

রংপুর :রংপুর বিভাগে গতকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৮০৫ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে আট জেলায় ৩৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ সময়ে দিনাজপুর জেলায় তিন জন, ঠাকুরগাঁও জেলায় চার জন, পঞ্চগড় জেলায় এক জন এবং লালমনিরহাট জেলায় এক জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৮৭ জন। এ নিয়ে বিভাগে ১ লাখ ৪৮ হাজার ৭৫১ জনের নমুনা পরীক্ষা করে মোট ২৩ হাজার ৭৯৮ জন আক্রান্ত পাওয়া গেছে।

এছাড়া প্রায় একই ধরনের তথ্য পাওয়া গেছে দেশের অন্যান্য এলাকা থেকেও। কোথাও কোথাও স্থানীয়ভাবে লকডাউন দিয়ে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হচ্ছে।

যশোর : দেশের সীমান্তের প্রধান জেলা যশোরে করোনা পরিস্থিতির অবনতি হয়েছে। নমুনা পরীক্ষায় এ যাবতকালের সর্বোচ্চ প্রায় ৬২ ভাগ আক্রান্তের রেকর্ড সৃষ্টি হয়েছে। গত ২৪ ঘন্টায় যশোরে আক্রান্ত হয়েছেন ৬০১ জন। এই সময়ে করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে।