নারদ মামলা

মমতার হলফনামা জমা নিতে হাইকোর্টকে নির্দেশ সুপ্রিম কোর্টের

আপডেট : ২৫ জুন ২০২১, ২২:১১

ইত্তেফাক ডেস্ক

নারদ মামলায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আইনমন্ত্রী মলয় ঘটকের হলফনামা জমা নিতে কলকাতা হাইকোর্টকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আগামী ২৯ জুন নারদ মামলার শুনানি রয়েছে হাইকোর্টে। সুপ্রিম কোর্টের আদেশের পর ২৮ জুন হলফনামা জমা দেওয়ার আবেদন করতে পারবেন মমতা।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, গত ১৭ মে নারদ মামলায় পশ্চিমবঙ্গের চার হেভিওয়েট নেতা-মন্ত্রীকে গ্রেফতার করে সিবিআই। ঐ দিন সিবিআইয়ের অফিস নিজাম প্যালেসের বাইরে বিক্ষোভ করে তৃণমূল কর্মী-সমর্থকরা। মুখ্যমন্ত্রী মমতা নিজে-ই সিবিআই অফিসে যান। এজন্য এই মামলায় মুখ্যমন্ত্রীকে পক্ষ করেছে আদালত। কিন্তু হাইকোর্ট এই মামলায় মমতা ব্যানার্জির হলফনামা নিতে অস্বীকার করে। গত ৯ জুন কলকাতা হাইকোর্ট মুখ্যমন্ত্রী ও আইনমন্ত্রীকে জানায়, তাদের হলফনামা নেওয়া হবে না। এর পরই হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন মমতা। গতকাল শুক্রবার সুপ্রিম কোর্ট আবেদনে সাড়া দিয়ে হলফনামা জমা নিতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টকে।