ইত্তেফাক রিপোর্ট
বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন, ঢাকার প্রতি বেইজিংয়ের পুরোপুরি আস্থা রয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ-চীন সম্পর্ক নিয়ে কসমস ফাউন্ডেশন আয়োজিত এক ওয়েবিনারে তিনি এ কথা বলেন।
দুই দেশের সম্পর্কের ভবিষ্যত্ নিয়ে আয়োজিত এ আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন লি জিমিং। কোয়াড জোটে বাংলাদেশের যোগদান নিয়ে কিছুদিন আগে তিনি যে প্রতিক্রিয়া দেখিয়েছিলেন, সে বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলে চীনা রাষ্ট্রদূত বলেন, চীনের রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশের পররাষ্ট্র নীতির বিষয়ে আমি পুরোপুরি অবহিত। বাংলাদেশের পররাষ্ট্র নীতি ??‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়’। সে কারণে আমাদের বিশ্বাস রয়েছে, বাংলাদেশ এ ধরনের কোনো জোটে জড়াবে না। বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে আমাদের আস্থা রয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভারতের সঙ্গে চীনের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। চীন কখনো ভারতকে কৌশলগত প্রতিদ্বন্দ্বী মনে করে না বরং ভারতকে সুপ্রতিবেশী বিবেচনা করে চীন। আমরা এখনো আশা করি, চীন-ভারত সম্পর্ক আরো ভালো হতে পারে’।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরীর সঞ্চালনায় এ আলোচনায় অংশ নেন ভারতে বাংলাদেশের সাবেক হাইকমিশনার তারিক এ করিম, সাবেক পররাষ্ট্র সচিব সমশের মোবিন চৌধুরী, সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, সাবেক রাষ্ট্রদূত সেরাজুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাশেদ আল মাহমুদ তিতুমীর প্রমুখ। ভার্চ্যুয়াল আলোচনায় স্বাগত ও সমাপনী বক্তৃতা দেন কসমস ফাউন্ডেশনের চেয়ারম্যান এনায়েতুল্লাহ খান।
