১০ মাসে করোনা পজিটিভ ৪৩ বার

আপডেট : ২৬ জুন ২০২১, ০০:৩৩

যুক্তরাজ্যের ব্রিস্টল শহরের ৭২ বছর বয়সি এক ব্যক্তি টানা ১০ মাস ধরে করোনা ভাইরাসে সংক্রমিত। এত দীর্ঘ সময় করোনায় আক্রান্ত থাকার ঘটনা আর দেখা যায়নি বলে জানিয়েছেন গবেষকরা। ডেভ স্মিথ নামে এ ব্যক্তি একজন ড্রাইভিং প্রশিক্ষক। ১০ মাসে ৪৩ বার করোনা টেস্টে পজিটিভ হওয়ায় সাত বার তিনি হাসপাতালে ভর্তি হন। এ অবস্থায় নিজের অন্ত্যেষ্টিক্রিয়ার পরিকল্পনাও করে রেখেছিলেন বলে জানান তিনি। তবে সবকিছুকে জয় করে এখন সুস্থ আছেন স্মিথ। খবর ডয়চেভেলের

বিবিসিকে দেওয়া এক সাক্ষাত্কারে স্মিথ বলেন, ‘আমি অবসর নিয়ে নিয়েছিলাম। পরিবারের সবার কাছ থেকে আমি বিদায় নিয়ে নিয়েছিলাম’। অসুস্থতার এ পুরো সময়ে স্ত্রী লিন্ডাও তার সঙ্গে কোয়ারেন্টাইনে ছিলেন। লিন্ডা বলেন, ‘এমন অনেক সময় গেছে যখন আমরা ধরে নিয়েছি সে আর বাঁচবে না। নরকের যন্ত্রণা নিয়ে একটি বছর পার করেছি আমরা।’ ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগবিষয়ক গবেষক এড মোরান বলেন, পুরো সময় জুড়েই স্মিথের শরীরে ভাইরাসটি সক্রিয় ছিল।

ডাক্তাররা জানান, বিশেষ এক পদ্ধতির চিকিত্সায় স্মিথ সুস্থ হয়ে উঠেছেন। সিনথেটিক অ্যান্টিবডি দিয়ে চিকিত্সা করার পর সুস্থ হন তিনি। এ চিকিত্সা পদ্ধতি যুক্তরাজ্যে ক্লিনিক্যালি অনুমোদিত নয়। সহানুভূতির জায়গা থেকে তাকে এমন চিকিত্সা দেওয়া হয়েছে বলে জানা গেছে। সিনথেটিক অ্যান্টিবডি দিয়ে চিকিত্সার ৪৫ দিনের মাথায় সুস্থ হয়ে ওঠেন তিনি। অর্থাত্, অবশেষে করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে তার। সে হিসেবে প্রথম বার আক্রান্ত হওয়ার ৩০৫ দিন পর সুস্থ হন এ ব্রিটিশ নাগরিক। দীর্ঘদিন যুদ্ধ করে করোনাকে জয়ের মুহূর্ত স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যাম্পেইন পানের মাধ্যমে উদ্যাপন করেন স্মিথ। এদিকে দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাত্কারে স্মিথ জানান, তার এখনো শ্বাসকষ্টের সমস্যা রয়ে গেছে। তবে তিনি দেশ জুড়ে ভ্রমণ করেছেন, এমনকি নাতনিকে গাড়ি চালানোও শেখাচ্ছেন।