স্বামীর দ্বিতীয় বিয়ের প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ!

আপডেট : ২৭ জুন ২০২১, ০২:০৯

স্বামী দ্বিতীয় বিয়ে করায় তা মেনে নিতে পারেননি প্রথম স্ত্রী। সেটির প্রতিবাদে স্থানীয় মহিলা সংগঠনের কয়েকজন সদস্যকে নিয়ে তিনি পথ অবরোধ করেছেন। যদিও পরে বিচার পাওয়ার আশায় পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন। ঘটনাটি ভারতের ঝাড়খণ্ড রাজ্যে।

আনন্দবাজার পত্রিকা অনলাইন জানিয়েছে, শনিবার (২৬ জুন) দুপুরে রাজ্যের ধানবাদের নিরসারে এ ঘটনা ঘটে। স্ত্রী পুষ্পা দেবীর অভিযোগ, সম্প্রতি আইনি বিচ্ছেদ ছাড়াই দ্বিতীয় বিয়ে করেছেন তার স্বামী উমেশ। বিরোধীতা করলেও তাতে পাত্তা দেয়নি সে।

পুষ্পা দেবী জানান, বিয়ের পর থেকেই স্বামীর হাতে অসংখ্যবার শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। তার দ্বিতীয় বিয়ের ব্যাপারে স্থানীয় থানায় অভিযোগ জানালেও কেউ তা গ্রহণ করেনি। তাই বাধ্য হয়েই মহিলা সংগঠনের শরণাপন্ন হওয়া।

এদিন মহিলা সংগঠনের সদস্যদের নিয়ে নিরসার কাছের একটি সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান পুষ্পা দেবী। এতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তখন পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং আশ্বাস দেয় যে, প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে। এরপরই অবরোধ তুলে নেন এই নারী।

এ বিষয়ে নিরাসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, পুষ্পা দেবীর অভিযোগ আমলে নেওয়া হয়েছে। একইসঙ্গে হিন্দু বিবাহ আইনের শর্ত খেলাপের দায়ে উমেশের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।

ইত্তেফাক/টিএ