বর্ষা মৌসুমের দেশি ফল জাম্বুরার টক মিষ্টি স্বাদ আর গন্ধ যেমন সবাইকে আকর্ষণ করে, তেমনি পুষ্টিগুণে ভরপুর এই ফল নানান রোগের প্রতিষেধক। জাম্বুরার আদিভূমি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায়। জাম্বুরার বৈজ্ঞানিক নাম সাইট্রাস ম্যাক্সিমা। বাংলাদেশে আঞ্চলিক ভাবে জাম্বুরা, বাতাবি লেবু, বাদামি লেবু, ছোলম, বড় লেবু ইত্যাদি নামে পরিচিত। আমাদের দেশে লেবু জাতীয় যত প্রকার ফল আছে তার মধ্যে জাম্বুরা সর্বাপেক্ষা পুষ্টিগুণ ও প্রচুর পরিমান ভিটামিন সি সমৃদ্ধ ফল। প্রতি ১০০ গ্রাম খাদ্যযোগ্য জাম্বুরায় রয়েছে খাদ্যশক্তি ৩৮ কিলোক্যালরি, প্রোটিন ০.৫ গ্রাম, স্নেহ ০.৩ গ্রাম, শর্করা ৮.৫ গ্রাম, খনিজ লবণ ০.২০ গ্রাম, ক্যারোটিন ১২০ মাইক্রোগ্রাম, আয়রন ০.২ মিলি গ্রাম, ক্যালসিয়াম ৩৭ মিলি গ্রাম, ম্যাগনেসিয়াম ৬ মিলিগ্রাম, ম্যাংগানিজ ০.০১৭ মিলিগ্রাম, ফসফরাস ১৭ মিলিগ্রাম, পটাশিয়াম ২১৬ মিলিগ্রাম ও সোডিয়াম ১ মিলিগ্রাম। জাম্বুরা ঠান্ডা, সর্দি-জ্বর জনিত সমস্যার জন্য খেলে ভাল ফলাফল পাওয়া যায়। এটি মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। জাম্বুরাতে বিদ্যমান বায়োফ্লভনয়েড বেশি থাকায় স্তন ক্যান্সারের সংক্রমণ থেকে রক্ষা করে। ভিটামিন-সি বেশি থাকায় রক্তনালির সংকোচন-প্রসারণ ক্ষমতা বৃদ্ধি পাওয়ায় ডায়াবেটিস, জ্বর, নিদ্রাহীনতা, মুখের ভেতরে ঘা, পাকস্থলী ও অগ্ন্যাশয়ের বিভিন্ন রোগ নিয়ন্ত্রণে সাহায্য করে। কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে, সেই সঙ্গে বিভিন্ন ধরনের হূদরোগের হাত থেকে রক্ষা করে। এতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যা হূদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করে।
