চন্দ্রবিন্দু ( ঁ) এর ব্যবহার

আপডেট : ২৬ জুন ২০২১, ২০:১৪

বাংলা বানানের

নিয়মকানুন

মো. কামরুল হাসান, প্রভাষক

শামছুল হুদা খাঁন কলেজ

ঝিনাইদহ।

বাংলা ভাষায় অর্থ-বিপর্যয় এড়াতে ও অর্থ-পার্থক্য মনে রাখতে কিছু শব্দের বানানে চন্দ্রবিন্দুর ব্যবহার

বাংলা ভাষায় অর্থ-বিপর্যয় এড়াতে ও অর্থ-পার্থক্য মনে রাখতে কিছু শব্দের বানানে চন্দ্রবিন্দুর ব্যবহার লক্ষ করা যায়। আধুনিক বাংলা অভিধানে ২৪টি বর্ণে ১৩৫ জোড়া একই রকম শব্দ (চন্দ্রবিন্দু-সহ ও চন্দ্রবিন্দুহীন) পাওয়া গেছে। এই পর্বে ‘ত’-বর্ণ সংবলিত একই রকম শব্দ (চন্দ্রবিন্দু-সহ ও চন্দ্রবিন্দুহীন) নিয়ে আলোচনা করা হলো।

ত

তাঁকে- [বা.] সর্ব. (সভ্রমে) সেই ব্যক্তিকে। ‘তাঁহাকে’-শব্দের চলিত রূপ।

তাকে- [স. তদ্>] সর্ব. সেই ব্যক্তিকে। ‘তাহাকে’-শব্দের চলিত রূপ।

তাঁদের-[বা.] সর্ব. (সভ্রমে) সেই ব্যক্তিবর্গের। ‘তাঁহাদিগের’ ও ‘তাঁহাদের’-শব্দের কথ্য রূপ।

তাদের-[স. তদ্>] সর্ব. সেই ব্যক্তিবর্গের। ‘তাহাদিগের’ ও ‘তাহাদের’-শব্দের কথ্য রূপ।

তাঁত- [স. তন্ত্র>] বি. কাপড় বোনার হস্তচালিত যন্ত্র, বয়নযন্ত্র ; জীবজন্তুর নাড়ি শুকিয়ে তৈরি তন্তু ।

তাত- [স. তন্ + ত] বি. পিতা, বাবা; চাচা, কাকা, খুড়া, পিতৃব্য; পিতৃস্থানীয় গুরুজন; পুত্র বা পুত্রতুল্যকে স্নেহসম্বোধন।

তাত-[স. তপ্ত>] বি. আঁঁচ, তাপ, উত্তাপ; কড়া মেজাজ।

তাঁর-[স. তদ্>] সর্ব. (সভ্রমে) সেই ব্যক্তির। ‘তাঁহার’-শব্দের চলিত রূপ।

তার- [স. তদ্>] সর্ব. সেই ব্যক্তির; সেই বস্তু বা বিষয়ের। ‘তাহার’ শব্দের চলিত রূপ।

[অভিধানে ‘তার’-শব্দের আরও ৪টি পৃথক উত্স ও অর্থ রয়েছে]

তাঁহাকে- [স. তদ্>] সর্ব. (সম্ভ্রমে) সেই ব্যক্তিকে। ‘তাঁকে’-শব্দের সাধু রূপ।

তাহাকে- [স. তদ্>] সর্ব. সেই নির্দিষ্ট ব্যক্তিকে। ‘তাকে’- শব্দের সাধু রূপ।

তাঁহাদিগের- [বা.] সর্ব. (সম্ভ্রমে) সেই ব্যক্তিবর্গের। ‘তাঁদের’-শব্দের সাধু রূপ।

তাহাদিগের- [বা.] সর্ব. সেই ব্যক্তিদের। ‘তাদের’-শব্দের সাধু রূপ।

তাঁহাদের- [বা.] সর্ব. (সম্ভ্রমে) সেই ব্যক্তিদের। ‘তাঁদের’- শব্দের সাধু রূপ।

তাহাদের- [স. তদ্>] সর্ব. সেই ব্যক্তিদের। ‘তাদের’-শব্দের সাধু রূপ।

তাঁহার- [স. তদ্>] সর্ব. (সম্ভ্রমে) সেই ব্যক্তির। ‘তাঁর’-শব্দের সাধু রূপ।

তাহার- [বা.] সর্ব. সেই ব্যক্তির। সেই বস্তু বা বিষয়ের। ‘তার’-শব্দের সাধু রূপ।