পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর বিকল্প খোঁজা শুরু করেছে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস। যে লক্ষ্যে তাকে ক্লাবে ভিড়িয়েছে তারা, সে লক্ষ্য পূরণ হয়নি। করোনার থাবায় আর্থিক সংকটে পড়া ক্লাবটি ক্রিস্টিয়ানোর বিপুল অংকের বেতনভাতা বহন করতে রাজি নয় আর।
জানা গেছে, এই গ্রীষ্মেই ক্লাব ছাড়তে পারেন সিআরসেভেন। ২০১৮ সালে রিয়াল মাদ্রিদ থেকে ১০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে তাকে কিনে নেয় য়্যুভেন্তাস। উদ্দেশ্য ছিল চ্যাম্পিয়ন্স লিগ জয় করা। ৩ মৌসুমেও তাদের সে লক্ষ্যপূরণ হয়নি। উল্টো টানা ৯বার জেতা সিরিআ ট্রফিটাও এবার হারায় তারা। ফলে তুরিনে রোনালদোর ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছে।

এরইমধ্যে তার বিকল্প খোঁজা শুরু করেছে ইতালিয়ান ক্লাবটি। সম্ভাব্য যে কয়েকটি নাম উঠে আসছে আলোচনায় সেসব তুলে ধরা হলো নিচে।
আর্লিং হ্যালান্ড
যেসব ক্লাব ফরোয়ার্ড খুঁজছে সবারই নজর আছে নরওয়ের ২০ বছর বয়সী এই তারকার দিকে। বরুশিয়া ডর্টমুন্ডের এই তারকার দিকে এরইমধ্যে হাত বাড়িয়েছে বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদ ও ইংলিশ প্রিমিয়ার লিগের বেশ কয়েকটি ক্লাব। সেই দৌঁড়ে যোগ দিচ্ছে জুভেন্টাসও।

যদিও তার জন্য চড়া দাম হাঁকিয়ে বসে আছে ডর্টমুন্ড। এই মহামারীর সময়ে আর্থিক সংকটে থাকা ক্লাবগুলোর জন্য যেটি বেশ কঠিনই হয়ে যাচ্ছে। তবে সম্প্রতি রিয়াল মাদ্রিদে যাওয়ার আগ্রহ জানিয়েছেন হ্যালান্ড। এরমধ্যে তাকে য়্যুভেন্তাস বাগিয়ে নিতে পারে কিনা সেটিই এখন দেখার বিষয়।
হ্যারি কেইন
টটেনহ্যাম হটস্পারের অধিনায়ক হ্যারি কেইন ক্লাব ছাড়তে মরিয়া হয়ে আছেন। তিনি প্রকাশ্যেই ঘোষণা দিয়েছেন, চ্যাম্পিয়ন্স লিগ খেলা যে কোন দলে যেতে চান তিনি। ইংলিশ এই ফরোয়ার্ড আছেন দারুণ ফর্মে। তবে তার জন্য বেশ আগ্রহী ম্যানচেস্টার সিটি। এরইমধ্যে তার জন্য ৭৫ মিলিয়ন ইউরো পর্যন্ত প্রস্তাব করেছে ক্লাবটি।

তবে ১০০ মিলিয়নের কমে তাকে ছাড়তে নারাজ স্পাররা। এই অংক দিতে পারলে হ্যারি কেইনকে দলে ভেড়াতে পারে জুভেন্টাসও।
মাউরো ইকার্দি
এর আগে য়্যুভেন্তাস অসংখ্যবার ইকার্দিকে দলে ভেড়াতে চেয়েছে। এই আর্জেন্টাইনও রাজি ছিলেন অনেকটাই। তবে পিএসজি তাকে ছাড়েনি। নেইমার-এমবাপ্পের ভীড়ে দলে খুব একটা জায়গাও পাচ্ছেন না ইকার্দি। ফলে আবারো ইতালিতে ফিরতে ইচ্ছুক তিনি।

য়্যুভেন্তাস রোনালদোর বিকল্প হিসেবে ভাবছে তাকেও।
গ্যাব্রিয়েল হেসুস

ম্যানচেস্টার সিটিতে তার জায়গা খুবই কম। পেপ গার্দিওলার পছন্দের একাদশে নেই এই ব্রাজিলিয়ান। এই সুযোগটা নিতে পারে জুভেন্টাস। রোনালদোর বিকল্প হিসেবে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড হতে পারেন তাদের পছন্দ।
আঁতোয়া গ্রিজম্যান
এই মৌসুমে বেশ কয়েকজনকে ফ্রিতে নিয়ে এসেছে বার্সেলোনা। এরমধ্যে আছেন ফরোয়ার্ড সার্জিও অ্যাগুয়েরো ও মেম্ফিস ডিপে। তারা আসায় ফরাসী ফরোয়ার্ড গ্রিজম্যানের জায়গাটা নড়বড়ে হয়ে পড়েছে। তাছাড়া তার বেতনভাতাও কম নয়। সবমিলিয়ে তাকে ছেড়ে দিতে পারলেই যেন হাঁফ ছেড়ে বাঁচে কাতালানরা।

জুভেন্টাস সন্তোষজনক প্রস্তাব দিতে পারলে তাকে ছেড়ে দেবে বার্সা।
ইত্তেফাক/এএএন
