কাজটাকে আরাধনা মনে করি:প্রিয়ন্তী

আপডেট : ২৬ জুন ২০২১, ২১:১৩

 বিনোদন প্রতিবেদক

 

এরইমধ্যে নিজের ক্যারিয়ারে এক ডজনের বেশি চলচ্চিত্র ও বেশকিছু নাটক যোগ করেছেন অভিনেত্রী জয়িতা প্রিয়ন্তী। বর্তমানে হাতে রয়েছে একটি সরকারি অনুদানের ছবি ও বেশ কয়েকটি ঈদের নাটকের কাজ। এছাড়া কয়েকটি ঈদ নাটকের কাজ সম্প্রতি শেষ করেছেন তিনি। নিজের চলমান ব্যস্ততা নিয়ে জানতে চাইলে প্রিয়ন্তী বলেন, ‘কিশোর গাং, জোকার, দিনে-দুপুরে ডাকাতিসহ কয়েকটি ঈদের নাটকের শুটিং শেষ করলাম এবং না হবে না কোনোদিন, নক মি বেবিসহ আরো বেশকিছু নাটকের কাজ হাতে রয়েছে। পাশাপাশি কাজী হায়াতের পরিচালনায় সরকারি অনুদানের জয়বাংলা ছবিতে সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছি। অনেকদিন ধরেই এমন একটি ইতিহাস নির্ভর ছবির সঙ্গে যুক্ত হতে চাচ্ছিলাম। অবশেষে সেই সুযোগটা এসেছে। শিগগিরই ছবিটির শুটিং শুরু হবে।’ চলচ্চিত্র ও নাটকে অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনেও কাজ করছেন প্রিয়ন্তী। সম্প্রতি একাধিক নতুন বিজ্ঞাপনের শুটিং করেছেন তিনি। তবে অনন্য মামুনের হাত ধরে চলচ্চিত্র জগতে প্রবেশ করা এই অভিনেত্রী এখন নাটকের দিকেই বেশি মনোযোগী হয়েছেন। এর কারণ হিসেবে তিনি বলেন, ‘চলচ্চিত্রে কাজ করছি না তা কিন্তু না। গত শুক্রবারও নবাব এলএলবি ছবিটি মুক্তি পেয়েছে। আসলে চাকরির পাশাপাশি অভিনয় করার কারণে ছবিতে সময় দিতে সমস্যা হয়। তাই টিভিসি ও নাটকে সময় দিচ্ছি। আর মাধ্যম নয় কাজটিকে আরাধনা মনে করি।’ অন্যদিকে অনেকেই চলচ্চিত্র বা নাটকে ভাই-ভাবি, মা-বাবার চরিত্রে অভিনয় করতে অনিহা প্রকাশ করেন। কিন্তু জয়িতা এ ধরনের চরিত্রেই  নিজেকে মেলে ধরতে চান বলে জানান।