রয়টার্স
মালিতে পৃথক জঙ্গি হামলায় ছয় সৈন্য নিহত ও ১৩ শান্তিরক্ষী আহত হয়েছে। শুক্রবার দেশটির উত্তরাঞ্চলে এ হামলার ঘটনা ঘটে।
দ্বিতীয় হামলার ঘটনাটি ঘটে গাও অঞ্চলের ইছাগারা গ্রামের কাছে। এখানে শান্তিরক্ষীদের একটি অস্থায়ী ঘাঁটিতে গাড়ি বোমা হামলায় জার্মানির ১২ ও বেলজিয়ামের এক শান্তিরক্ষী আহত হয়। ঐ এলাকাটিতে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আল-কায়েদা ও ইসলামিক স্টেট সংশ্লিষ্ট বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী তত্পর রয়েছে। মালির জাতিসংঘ মিশন গাড়িবোমা হামলায় প্রথমে ১৫ জন আহত হয়েছে বলে জানালেও পরে ঐ সংখ্যা ১৩ তে নামিয়ে আনে। আহতদের মধ্যে তিন জার্মান সেনার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন জার্মানির প্রতিরক্ষামন্ত্রী আনেগ্রেট ক্রাম্প-ক্যারেনবার। দুই জনের অবস্থা তুলনামূলক স্থিতিশীল, অন্যজনের অস্ত্রোপচার চলছে, বলেছেন তিনি। মোপতি অঞ্চলের বোনি এলাকায় পৃথক এক হামলায় ছয় সৈন্য নিহত ও একজন আহত হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে মালির সেনাবাহিনী। এ বিষয়ে আর বিস্তারিত কিছু বলেনি তারা। জাতিসংঘের পাঠানো শান্তিরক্ষী এবং অন্যান্য আন্তর্জাতিক বাহিনীর উপস্থিতি সত্ত্বেও মালি এবং এর প্রতিবেশী দেশ বুরকিনা ফাসো ও নাইজারের বিশাল এলাকা জুড়ে বিভিন্ন জঙ্গি সংগঠনের নিয়মিত হামলার খবর পাওয়া যায়। পশ্চিম আফ্রিকার বিভিন্ন অঞ্চলের সহিংসতা নিয়ন্ত্রণে মালির জাতিসংঘ মিশন সেখানে ১৩ হাজারের বেশি শান্তিরক্ষী মোতায়েন করেছে। ২০১৩ সাল থেকে তারা ২৩০ জনের মতো শান্তিরক্ষীর প্রাণহানিও রেকর্ড করেছে। এ মিশনে জার্মানির প্রায় ১ হাজার ১০০ সেনা আছে। এদের বেশির ভাগেরই অবস্থান গাও অঞ্চলে।
