কুমিল্লা মহানগরীর ২০ নম্বর ওয়ার্ডের উনাইসার এয়ারপোর্ট রোড ও ২১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আশ্রাফপুর পাশাপাশি দুটি এলাকা। এই এলাকা দুটির মূল সড়কের পাশে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বাসা-বাড়ির ব্যবহূত পানি সড়কসহ আশপাশে জমে জলাবদ্ধতার সৃষ্টি করছে। এতে লোকজনের হাঁটাচলায় চরম দুর্ভোগ নেমে আসছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক বাসিন্দা জানান, নগরীর প্রায় সর্বত্রই ড্রেন নির্মাণ করছে সিটিকরপোরেশন থেকে। কিন্তু এই এলাকায় বহু বাসা-বাড়ি থাকলেও অজ্ঞাতকারণে ড্রেন নির্মাণ হচ্ছে না। এতে পয়োনিষ্কাশনের পানি ছাড়াও সামান্য বৃষ্টিতেই পুরো এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। অনেক বাড়িঘরের নিচতলাতেও পানি জমে চরম দুর্ভোগের সৃষ্টি করে, নষ্ট হয় আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল। এ-দৃশ্য উনাইসার, দক্ষিণ আশ্রাফপুরসহ আশপাশের ৪/৫টি স্থানের। এছাড়াও এসব এলাকায় অপরিকল্পিতভাবে ড্রেন নির্মাণ করায় আশপাশের বাড়িঘরের পয়ঃনিষ্কাশনের পানি বাড়ি-ঘরের সম্মুখেই জমে সৃষ্ট করছে জলাবদ্ধতা। এ-অবস্থায় স্থানীয় নগরবাসীদের দাবি দ্রুত সড়কের পাশে ড্রেন নির্মাণ করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা যাতে সংশ্লিষ্ট এলাকার জনগণ এই অসহনীয় জনদুর্ভোগ থেকে রেহাই পেতে পারে।
মামশাদ কবীর, কান্দিরপাড়, কুমিল্লা
