মুক্তিযুদ্ধ জাদুঘরের আয়োজন
ইত্তেফাক রিপোর্ট
জননী সাহসিকা সুফিয়া কামাল আর শহিদ জননী জাহানারা ইমামকে কথায়-কবিতায় স্মরণ করা হলো। মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠায় প্রেরণাদাত্রী দুই মহিয়সী নারী স্মরণে অনলাইনে এক অনুষ্ঠান হয় গতকাল শনিবার সন্ধ্যায়। মুক্তিযুদ্ধ জাদুঘরের আয়োজনে কথায়, স্মৃতিচারণায় উঠে আসেন এই দুই ব্যক্তিত্ব। স্মৃতিচারণ করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও সদস্য-সচিব সারা যাকের, গবেষক ড. রেজিনা বেগম এবং সুফিয়া কামালের কন্যা সুলতানা কামাল।
বক্তারা বলেন, সুফিয়া কামাল নারী মুক্তি, প্রগতিশীলতা ও গণতন্ত্রের আন্দোলনে প্রেরণাদায়ী ব্যক্তিত্ব। অন্য দিকে শহিদ জননী জাহানারা ইমাম মুক্তিযুদ্ধের মা, মাটি ও মানুষের প্রতীক হয়ে জাতির কাছে মূর্ত হয়ে রইবেন চিরকাল।
অনুষ্ঠানে সুফিয়া কামাল ও জাহানারা ইমামের রচনা থেকে পাঠ ও আবৃত্তি করা হয়। জাহানারা ইমাম রচিত ‘ক্যান্সারের সাথে বসবাস’ গ্রন্থ থেকে পাঠ করেন আবৃত্তিশিল্পী বুশরা আহমেদ তিথি। পরে অনুষ্ঠানে কাওসার চৌধুরী নির্মিত প্রামাণ্যচিত্র গণআদালত প্রদর্শিত হয়।
