ইত্তেফাক রিপোর্ট
উত্তরা এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং ‘বিগ বস’-এর ছয় সক্রিয় সদস্যকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল শনিবার সকালে র্যাব-১-এর একটি দল উত্তরা-পূর্ব থানার আইচি হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো—বাহা উদ্দিন হাসান শাওন, শাকিল, রিফাত হোসেন, আব্দুল আহাল মামুন, সাইফুল ইসলাম রিফাত ও রাব্বী। তাদের কাছ থেকে একটি করে রামদা, চাইনিজ কুড়াল, ছুরি ও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব-১-এর সহকারী পরিচালক এএসপি নোমান আহমদ জানান, বর্তমান সময়ে কিশোর গ্যাং, গ্যাং কালচার এবং উঠতি বয়সি ছেলেরা ক্ষমতা বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়াচ্ছে। ক্ষমতা দেখাতে তারা মারামারি করে। এমনকি তারা অনেক সময় খুন করতেও দ্বিধাবোধ করে না। উত্তরা এলাকায় আধিপত্য বিস্তারকারী ‘বিগ বস গ্রুপ’, ‘ডেঞ্জার সেভেন গ্রুপ’, ‘কাটার গ্রুপ’, ‘হূদয় গ্রুপ’, ‘নন স্টপ ড্যান্স গ্রুপ’ নামক বেশ কয়েকটি কিশোর গ্যাংয়ের তথ্য রয়েছে। গ্রুপগুলো উত্তরা এলাকায় আধিপত্য বিস্তার ছাড়াও মাদক সেবন, স্কুল-কলেজে বুলিং, র্যাগিং, নারীদের উত্ত্যক্ত, ছিনতাই, ডাকাতি, সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীল ভিডিও শেয়ারসহ নানাবিধ অনৈতিক কাজে লিপ্ত। এরই ধারাবাহিকতায় ‘বিগ বস’ গ্রুপের ঐ ছয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
