আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
আড়াইহাজারে ঝগড়া থামাতে গিয়ে হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম কাশেম (৫৬)। গত ২১ জুন উপজেলার বিশনন্দী ইউনিয়নের চৈতনকান্দা গ্রামে দুই পক্ষের মধ্যে ঝগড়ার ঘটনা ঘটে। নিহত কাশেম মানিকপুর গ্রামের মৃত চান মিয়ার ছেলে। শুক্রবার তার লাশ গ্রামের বাড়ি পৌঁছলে এক হূদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঘটনার দিন একটি বাড়ির নলকূপের পানি পার্শ্ববর্তী একটি বাড়ির আঙিনা গড়িয়ে পড়া নিয়ে উপজেলার চৈতনকান্দা গ্রামের বাসিন্দা ইউসুফ ও স্বপনের মধ্যে প্রথমে বাগিবতণ্ডা হয়। এ সময় ইউসুফের স্ত্রী সুফিয়া প্রতিপক্ষের এক জনকে মারধর করে। এ সময় সংঘর্ষে অন্তত চার জন আহত হয়। আহতরা স্বপনের লোক। এদিকে ঘটনা থামাতে পাশের গ্রামের কাশেম ঘটনাস্থলে গেলে ইউসুফের লোকজন তার ওপর হামলা চালায়। এতে কাশেম আহত হন। পরে স্বজন ও স্থানীয়রা উদ্ধার করে হাসপাতলে ভর্তি করলে শুক্রবার বিকালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, ঘটনার পরই হামলায় আহত কাশেমের ভাই বাদী হয়ে চার জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরো তিন জনকে আসামি করে থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। সেই মামলা এখন হত্যা মামলায় রূপান্তরিত করা হবে। মামলার আসামিরা হলো ইফসুফ, তার ছেলে ইয়াছিন ও জিলানীর স্ত্রী সুফিয়া বেগম।
