ছাগলে বেগুনগাছ খাওয়ায় নারীসহ পাঁচ জনকে পিটিয়ে জখম

আপডেট : ২৬ জুন ২০২১, ২২:১৩

শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা

গাজীপুরের শ্রীপুরে বেগুন খেতে ছাগল যাওয়াকে কেন্দ্র করে নারীসহ পাঁচ জনকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার বিকালে উপজেলার কাওরাইদ ইউনিয়নের সোনাব গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন আহত পাঁচ জনকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা হাসপাতালে ভর্তি করেন। আহতরা হলেন ঐ গ্রামের মৃত ছোবহান ঢালীর পুত্র কাদির ঢালী, তার স্ত্রী শিরিনা আক্তার, ভাতিজার স্ত্রী জোসনা আক্তার, নাতি ফাহিম ও  পুত্রবধূ তনভি আক্তার । এ ঘটনায় কাদির ঢালী বাদী হয়ে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা যায়, কাদির ঢালীর বেগুন খেতে একই এলাকার ছোবহান ঢালীর পুত্র নুরুল আমিন ঢালীর কয়েকটি ছাগল ঢুকে গাছ খাওয়াকে কেন্দ্র করে নুরুল আমীন ও কাওছার ঢালীর পরিবারের লোকজন তাদের ওপর হামলা চালায়। এ সময় প্রতিপক্ষরা কাদির ঢালীর পুত্রবধূ তনভি আক্তারের মাথায় আঘাত করলে সে আহত হয়। অন্যদেরও বেধড়ক মারপিট করে আহত করে।

এদিকে একই ঘটনায় গতকাল শনিবার সকালে কাদির ঢালীর স্ত্রী শিরিনা আক্তারকে পুনরায় মারপিট করে আহত করেছে প্রতিপক্ষ।  

শ্রীপুর থানার এসআই ইমরান জানান, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে অভিযুক্ত নুরুল আমীন ও তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তারা বক্তব্য দিতে রাজি হননি।