জমে থাকে পানি
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সেনবাগ উপজেলা প্রকৌশলী শাহিনুর আলম জানান, উপজেলার অর্জুনতলা ইউনিয়নের ছিলোনিয়া-হাজিরহাট থেকে ভুঁইয়া সড়কের সমস্যার কথা তিনি অবগত রয়েছেন
সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা
সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ছিলোনীয়া-হাজিরহাট থেকে ভূঁইয়া সড়ক বেহাল অবস্থায় রয়েছে। খানাখন্দে ভরা সড়কে বৃষ্টির পানি জমে থাকায় চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। যান চলাচলও মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার অর্জুনতলা ইউনিয়নে ছিলোনীয়া-হাজিরহাট থেকে ভূঁইয়া সড়কটির দৈর্ঘ্য পাঁচ কিলোমিটার। ছয় বছর আগে সড়কটি সংস্কার করা হয়। এরপর থেকে এ সড়কটি আর সংস্কার হয়নি। সড়কে বড় বড় গর্তের সৃষ্টি ও খোয়া উঠে গিয়ে যান চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। সরজমিনে দেখা গেছে, সড়কের অনেক স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। আবার অনেক স্থানে গর্ত ও পিচঢালাই এবং খোয়া উঠে গেছে। এটা যে পাকা সড়ক তা বোঝার উপায় নেই। বৃষ্টি হলে গর্তগুলোতে পানি জমে কাদায় ভরে যায়। যানবাহনে যাতায়াত ছাড়াও পায়ে হাঁটা মানুষজন সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছেন। এই সড়কে নিয়মিত চলাচলকারী সিএনজিচালক শাহ আলম জানান, সড়কের সমস্যা নিয়ে তারা দীর্ঘদিন যাবত্ স্থানীয় জনপ্রতিনিধিদের জানিয়ে আসছেন কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না।
অর্জুনতলা ইউপি চেয়ারম্যান আবদুল ওহাব বিএসসি জানান, ঐ সড়কের ব্যাপারে তিনি মৌখিকভাবে উপজেলা এলজিইডি ও উপজেলা প্রশাসনকে বহুবার জানিয়েছেন। উপজেলা চেয়ারম্যান তাকে আশ্বাস দিয়েছেন। শিগিগর সড়ক সংস্কার করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সেনবাগ উপজেলা প্রকৌশলী শাহিনুর আলম জানান, উপজেলার অর্জুনতলা ইউনিয়নের ছিলোনীয়া-হাজিরহাট থেকে ভূঁইয়া সড়কের সমস্যার কথা তিনি অবগত রয়েছেন। বরাদ্দ পাওয়া সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে এর সংস্কার কাজ করা হবে।
