সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে জনদুর্ভোগ

আপডেট : ২৬ জুন ২০২১, ২২:১৬

হোমনা পৌরসভা

মো. কামাল হোসেন, হোমনা (কুমিল্লা) সংবাদদাতা

সামান্য বৃষ্টি হলেই হোমনা পৌরসভার শ্রীমদ্দি সড়ক খালের আকার ধারণ করে। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় হোমনা সদর থেকে মেঘনা নদীর পাড় পর্যন্ত তিন কিলোমিটার সড়কটিতে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থাও নেই সড়কে।

দেখা গেছে, দুই পাশের ঘরবাড়িগুলো সড়ক থেকে উঁচু হওয়ায় সামান্য বৃষ্টি হলেই সেখানকার পানিসহ ময়লা-আবর্জনা এসে জমা হয়। খানাখন্দে ভরা সড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বর্তমানে সড়কটিতে যাতায়াতকারী পৌরসভার জনসাধারণ সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে।

পশ্চিম শ্রীমদ্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিনা রানী দেবী বলেন, ‘এই বেহাল সড়কে পাঁয়ে হেঁটে চলা যায় না। আবার সিএনজি অটোরিকশায় উঠলেও সড়কে বড় বড় গর্ত থাকায় দুর্ঘটনার আশঙ্কা থাকে। করোনা ভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় বর্তমানে গ্রামে থাকা ইডেন কলেজের শিক্ষার্থী সোনিয়া আফরিন বলেন, সড়কের খারাপ অবস্থা। জরুরি প্রয়োজনেও রাস্তায় বের হওয়া যাচ্ছে না। সিএনজি অটোচালক মো. গোলাম মোস্তফা বলেন, ‘সড়কের অবস্থা খারাপ হওয়ায় সিএনজি অটোচালাতে গিয়ে প্রায় সময়ই দুর্ঘটনা ঘটে। এছাড়া এই ভাঙা সড়কের কারণে আমাদের শারীরিক ক্ষতিসহ কয়েক দিন পরপর সিএনজির যন্ত্রপাতিও নষ্ট হয়ে যায়।’ অটোচালক মো. বিল্লাল হোসেন বলেন, ‘সড়কের গর্তে পড়ে প্রায়ই আমাদের অটোগুলো উলটে যায়। গত শুক্রবার তিন জন যাত্রী নিয়ে গর্তে পড়ে আমার অটোরিকশাটি উলটে গেলে আমি নিজে ও আমার গাড়িতে থাকা যাত্রীরা অনেক ব্যথা পান।’

হোমনা পৌরসভার মেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম বলেন, সড়ক সংস্কারের জন্য টেন্ডার হওয়ার পর ঠিকাদার কাজও শুরু করেছিলেন। এত দিন করোনার জন্য কাজ বন্ধ রেখেছে। ঠািকাদারের সঙ্গে কথা হয়েছে, তিনি বলেছেন শিগিগর সংস্কারকাজ শুরু করে সমস্যার সমাধান করা হবে। এছাড়া সড়কে পানি নিষ্কাশনের জন্য কিছু জায়গায় ড্রেন নির্মাণ করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য স্থানেও ড্রেন নির্মাণ করা হবে।