করোনা শনাক্তের সংখ্যা বাড়ছে

আপডেট : ২৬ জুন ২০২১, ২২:১৬

ইত্তেফাক ডেস্ক

দিন দিন করোনায় শনাক্তের সংখ্যা বাড়ছে। তবু বিধিনিষেধ মানছেন না অনেকে। বিভিন্ন এলাকায় আইসোলেশন ইউনিট প্রস্তুত রাখা হয়েছে। স্বাস্থবিধি মেনে চলার জন্য মাঠ পর্যায়ে প্রচারণা চালাচ্ছে প্রশাসন। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

জয়পুরহাট :জেলায় শনিবার সকাল ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে অন্তঃসত্ত্বা দুই নারীসহ ছয় জনের মৃত্যু ও আক্রান্ত হয়েছেন ৬১ জন। জেলায় বর্তমানে করোনা সংক্রমণের হার ১৫ দশমিক ৯২ শতাংশ। জেলা সিভিল সার্জন ডা. ওয়াজেদ আলী জানান, করোনার সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এর কোনো বিকল্প নেই। জয়পুরহাট জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ৬১ জন। অপরদিকে, করোনা আক্রান্ত রোগীদের অক্সিজেন সেবা প্রদানের জন্য জেলার কালাই ও আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন চালু করা হয়েছে।

মিরসরাই (চট্টগ্রাম) :বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। চলতি মাসের ২ জুন থেকে ২৬ জুন পর্যন্ত উপজেলায় ২৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে ৮৬ জনের করোনা পজিটিভ ফলাফল এসেছে। জানা গেছে, উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুইটি পৌরসভায় বসবাসকারী জনগণের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার নমুনা সংগ্রহের জন্য বুথ চালু করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, মিরসরাইতে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। করোনা রোগীদের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৬টি বেড নিয়ে একটি আইসোলেশন ইউনিট প্রস্তুত রাখা হয়েছে। হাসাপাতালে এখন কোনো রোগী ভর্তি নেই। করোনা আক্রান্ত রোগীরা বাসায় হোম কোয়ারেন্টাইনে চিকিত্সাধীন আছেন।

নাটোর :নাটোরে করোনা উপসর্গ নিয়ে তিন জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে নাটোরের দুই জনের মৃত্যু হয়েছে। তাছাড়া নাটোর সদর হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মনি (৬০) নামের এক ব্যক্তি মারা গেছেন। শুক্রবার ছুটির দিন থাকায় কোনো নমুনা পরীক্ষা করা সম্ভব হয়নি। তাই গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো শনাক্ত নেই। তবে সদর হাসপাতালের ৫০ শয্যার করোনা ইউনিটে রোগী ভর্তি রয়েছেন ৫৯ জন। গতকাল পর্যন্ত জেলায় মোট শনাক্ত ছিল ৩ হাজার ১৫২ জন।

ডোমার (নীলফামারী) :ডোমার উপজেলায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় উপজেলা স্বাস্থ্য বিভাগ সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে। শনিবার সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার বিভিন্ন হাটবাজার ও গুরুত্বপূর্ণ স্থানে স্যানেটারি ইন্সপেক্টর আল-আমিন রহমান হাত মাইকে প্রচারণা চালায়। স্যানেটারি ইন্সপেক্টর আল-আমিন রহমান এ তথ্য জানান।

বাগেরহাট :করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বাগেরহাটে চলছে লকডাউনে তৃতীয় দিন। শুরু হওয়া এই লকডাউন ৩০ জুন মধ্যরাত পর্যন্ত চলবে। লকডাউনের ফলে বাগেরহাটে দূরপাল্লার পরিবহনসহ সব গণপরিবহন বন্ধ রয়েছে। বাগেরহাট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৮৮২ জনে। এ পর্যন্ত মারা গেছেন ৭৪ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৩৮ জন। হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৪ জন। বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির এসব তথ্য জানিয়েছেন।

ফেনী : শুক্রবার রাত পর্যন্ত ফেনীতে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ২১৭ জন। ফেনীতে আরো নতুন করে ৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে সদর উপজেলায় ।

আগৈলঝাড়া (বরিশাল) :আগৈলঝাড়ায় গত ২৪ ঘণ্টায় থানা পুলিশের দুই সদস্যসহ নতুন করে পাঁচ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএএফপিও) ডা. বখতিয়ার আল মামুন শনিবার দুপুরে জানান, হাসপাতালে স্থাপিত জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে গত ২৪ ঘণ্টায় ১২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে পাঁচ জন করোনা ভাইরাসে আক্রান্তর ফলাফল পাওয়া গেছে।