ইত্তেফাক ডেস্ক
বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ছয় জনের মৃত্যু হয়েছে। শুক্র ও শনিবার এসব পৃথক সড়ক দুর্ঘটনা ঘটে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) :গোমস্তাপুরের রহনপুর পৌর এলাকার ধুলাউড়ি নামক স্থানে সড়ক দুর্ঘটনায় আফসার আলী নামক এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি রহনপুর ইউনিয়নের বংপুর হিন্দুপাড়া গ্রামের মজিবুর রহমানের ছেলে। গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক সোহেল রানা জানান, ভ্যানচালক আফসারকে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ধাক্কা দিলে তার মৃত্যু হয়।
ভালুকা (ময়মনসিংহ) :ভালুকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রাকের পেছনে পিকআপ ভ্যানের ধাক্কায় ব্যবসায়ীসহ দুই জনের প্রাণ গেছে। আহত হয়েছেন আরো একজন। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ভরাডোবা নিশিন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—শেরপুর সদর উপজেলার পটিয়ামার এলাকার কাঁচামাল ব্যবসায়ী শফিকুল ইসলাম ও একই উপজেলার জঙ্গলদি এলাকার আজিজুর রহমান।
হাইওয়ে ভরাডোবা থানার ওসি মশিউর রহমান জানান, নিহতদের লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আহত পিকআপ চালককে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কুলাউড়া (মৌলভীবাজার) :কুলাউড়া রবিরবাজার সড়কে পুরসাই এলাকায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেছে দুই মোটরসাইকেল আরোহীর। ঘটনাটি ঘটে শুক্রবার সন্ধ্যা ৬টায়। নিহতরা হলেন—কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের মিন্টু মিয়া ও প্রতিবেশী আনোয়ার হেসেন।
কুলাউড়া থানার এসআই অপু জানান, ট্রাকচালক মো ফখরুল ইসলামকে আটক করা হয়েছে। লাশ দুটি মর্গে পাঠানো হয়েছে।
কটিয়াদী (কিশোরগঞ্জ) :কটিয়াদীতে রাস্তা পার হওয়ার সময় পিকআপ চাপায় রঞ্জিত দাস (৫০) নামের এক ব্যক্তি মারা গেছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ৮টার সময় কটিয়াদী বাসস্ট্যান্ডে। নিহত রঞ্জিত দাস আচমিতা গোপিনাথ বাড়ি সংলগ্ন মৃত প্রেমা দাসের ছেলে। কটিয়াদী হাইওয়ে থানার ওসি তৌফিকুল ইসলাম বলেন, চালক পালিয়ে গেছে তবে গাড়িটি আটক করা হয়েছে। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
