ববিতে আইকিউএসির কর্মশালা অনুষ্ঠিত
বরিশাল অফিস বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শনিবার আইকিউএসি আয়োজিত আউটকাম বেসড এডুকেশন(ওবিই) কারিকুলাম টেমপ্লেট শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জুম অ্যাপের মাধ্যমে এ কর্মশালা উদ্বোধন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর সদস্য প্রফেসর ড. বিশ্বজিত্ চন্দ। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে কর্মশালা পরিচালনা করেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. এস এম কবীর। কর্মশালায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন, অতিরিক্ত পরিচালক ড. রহিমা নাসরিন প্রমুখ সংযুক্ত ছিলেন।
সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে মতবিনিময়
হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা হোসেনপুরে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে শনিবার আলেম সমাজের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। হোসেনপুর সরকারি ডিগ্রি কলেজ হলরুমে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে এ সভার আয়োজন করে উপজেলা ইসলামিক ফাউন্ডেশন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া পারভেজের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুন।
ব্যাটারিচালিত রিকশা ভ্যান চালুর দাবি
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা ব্যাটারিচালিত রিকশা, ভ্যান ও ইজিবাইক চালুর দাবিতে শনিবার সৈয়দপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির অন্তর্ভুক্ত জাতীয় শ্রমিক ফেডারেশনের ব্যানারে এ মানববন্ধন করা হয়। সৈয়দপুর প্রেসক্লাবের সামনের রাস্তায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সৈয়দপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রুহুল আলম মাস্টার, হরিজন নেতা নন্দনাল বাঁসফোর প্রমুখ।
প্রাণিসম্পদ মেলা ও পুরস্কার বিতরণ
হোমনা (কুমিল্লা) সংবাদদাতা হোমনায় শনিবার প্রাণিসম্পদ মেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ভার্চুয়ালি মেলা উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, পৌর মেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম প্রমুখ।
সচেতনতামূলক প্রচারাভিযান
নরসিংদী প্রতিনিধি করোনা সংক্রমণ প্রতিরোধে সোমবার থেকে দেশব্যাপী লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে শনিবার নরসিংদীর জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান শহরে প্রচারভিযান চালিয়েছেন। শহরের বিভিন্ন স্থানে পথচারীদের মধ্যে মাস্ক, স্যানিটাইজার ও করোনা প্রতিরোধমূলক সচেতনতা প্রচারপত্র বিতরণ করেন এবং হ্যান্ডমাইকে করোনা প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলাসহ সচেতন হওয়ার আহ্বান জানান।
প্রাণিসম্পদ প্রদর্শনী
তিতাস (কুমিল্লা) সংবাদদাতা তিতাসে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় শনিবার দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদা আক্তারের সভাপতিত্বে প্রদর্শনী উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার।
স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ
সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জে কিশোর-কিশোরী ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার করোনা স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। সদর উপজেলার মল্লিকা ছানাউল্লাহ আনছারী উচ্চ বিদ্যালয়ে এসব বিতরণ করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না।
করোনা আক্রান্তরা পেলেন আর্থিক সহায়তা
পাইকগাছা (খুলনা) সংবাদদাতা পাইকগাছায় শনিবার করোনা আক্রান্তরা পেয়েছেন আর্থিক সহায়তা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটে আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী।
০০০
