রাসিকের ১০৮০ কোটি টাকার প্রস্তাবিত বাজেট অনুমোদন

আপডেট : ২৬ জুন ২০২১, ২২:২২

স্টাফ রিপোর্টার, রাজশাহী

আয় এবং ব্যয় সমপরিমাণ ধরে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ২০২১-২০২২ অর্থবছরের ১০৮০ কোটি ২২ লাখ ৮৯ হাজার ৫৩৬ টাকা ১৬ পয়সার প্রস্তাবিত বাজেট অনুমোদিত হয়েছে। গতকাল শনিবার (২৬ জুন) দুপুরে নগর ভবনের সিটি হলরুমে আয়োজিত জরুরি সাধারণ সভায় (বাজেট সভা) এই বাজেট অনুমোদন করা হয়। ২০২০-২০২১ অর্থবছরে বাজেটের লক্ষ্যমাত্রা ছিল ৯৯৬ কোটি ৭৯ লাখ ৩ হাজার ৩২৯ টাকা ৯২ পয়সা। সংশোধিত বাজেটে এর আকার দাঁড়িয়েছে ৫৬১ কোটি ২৩ লাখ ২৫ হাজার ৩৭ টাকা ৯৬ পয়সা। সভায় সভাপতিত্ব করেন অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভাপতি ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

সভার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহিদ সদস্যবৃন্দ, জাতীয় চার নেতা শহিদ সৈয়দ নজরুল ইসলাম, শহিদ তাজউদ্দীন আহমদ, শহিদ ক্যাপ্টেন এম মনসুর আলী ও শহিদ এ এইচ এম কামারুজ্জামান, মহান মুক্তিযুদ্ধের সব শহিদ এবং মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।

মেয়র বলেন, করোনার এই দুঃসময়ে আমরা সর্বদা মানুষের পাশে আছি। ২০০টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে বিনা মূল্যে অক্সিজেন সেবা প্রদান করা হচ্ছে। প্রয়োজনে তাদের খাদ্য ও ওষুধ প্রদান করা হচ্ছে। রামেক হাসপাতালকে দুইটি অত্যাধুনিক ভেন্টিলেটর উইথ হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা প্রদান করা হয়েছে। ১২টি কেন্দ্রে ফ্রি র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা কার্যক্রম চালানো হচ্ছে। রাজশাহী সদর হাসপাতাল চালুর প্রচেষ্টা চলছে। স্বাস্থ্যবিধি মেনে চলতে জনসাধারণকে উদ্বুদ্ধকরণ ও সুরক্ষাসামগ্রী বিতরণ কার্যক্রম চলছে। প্রথম ঢেউয়ে সরকারিভাবে প্রাপ্ত ১৫৯৪.৮৫ মেট্রিক টন চাল ১০ কেজি করে ১ লাখ ৫৯ হাজার ৪৮৫ জন মানুষের মধ্যে বিতরণ করেছি। সরকারিভাবে প্রাপ্ত ৫৭ লাখ টাকা ও ২ হাজার ৯০০ প্যাকেট শিশুখাদ্য বিতরণ করেছি। ব্যক্তিগত উদ্যোগে ৩৩৮.৮৩২ মেট্রিক টন চাল, ৬১.০৮৪ মেট্রিক টন ডাল, ৬৪.৩৪৩ মেট্রিক টন আলু, ১৫.০০৮ মেট্রিক টন আটাসহ তেল, লবণ, সবজি, পোলাও চাল, সেমাই, চিনি প্রদান করেছি। করোনার দ্বিতীয় ঢেউতে সরকারিভাবে প্রাপ্ত ৮৫.৫৫ মেট্রিক টন চাল প্রায় ৮ হাজার ৫৫৫ জন মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে। শহীদ কামারুজ্জামান ও জাহানারা ফাউন্ডেশনের উদ্যোগে ২০ হাজার পরিবারকে ঈদ উপহার দেওয়া হয়েছে। তিনি বলেন, সম্প্রতি ১৮টি পেশাজীবী সংগঠনের ৪ হাজার ৬১৫ জনকে প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী প্রদান করেছি। রেড ক্রিসেন্টের মাধ্যমেও খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। এভাবেই সব সময় মানুষের পাশে থেকে করোনা মোকাবিলায় আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।