বুয়েটকে ১ হাজার বিভিন্ন প্রজাতির চারা প্রদান

আপডেট : ২৬ জুন ২০২১, ২২:২৩

বিশেষ প্রতিনিধি

দেশে বজ্রপাতে ব্যাপক প্রাণহানির ঘটনার জন্য নির্বিচারে তালগাছ কাটা এবং বনায়ন উজাড় করাকে দায়ী করে এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বেশি বেশি তালগাছ রোপণের পরামর্শ দিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েটের উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার আওয়ামী লীগের কাছে তালগাছ চেয়েছেন।

একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষায় বনায়ন রক্ষা করতে এবং গাছ লাগানোকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বানও জানান তিনি। দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শনিবার বুয়েট ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটির কাছ থেকে ১ হাজার বিভিন্ন প্রজাতির চারা গ্রহণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ সময় সত্য প্রসাদ মজুমদার বলেন, ‘বিল্ডিংয়ে কিন্তু আজকাল বজ্রপাত হচ্ছে। গ্রামেগঞ্জে তালগাছ না থাকার কারণে কিন্তু প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে। তালগাছ থাকলে ঐ এলাকায় বজ্রপাত হলে তালগাছ কিন্তু সেটিকে টেনে নেবে। এজন্য আগে প্রতিটি গ্রামে একসঙ্গে অনেকগুলো তালগাছ এক জায়গায় দেখা যেত। আজকে সেটি নেই।’ আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটি আমাদের ১ হাজার বিভিন্ন প্রজাতির চারা দিয়েছেন। আমি তাদের কাছে অনুরোধ করছি আমাদের যেন কিছু তাল গাছের চারা দেওয়া হয়। এ সময় বনায়ন কেটে উজাড় করে শহর বানানোর প্রক্রিয়ার কঠোর সমালোচনা করে বুয়েট উপাচার্য বলেন, ‘একদিকে গাছ লাগাব আরেকদিকে গাছ কাটব সেটি হবে না। বনায়ন করতে হবে, বনকে রক্ষা করতে হবে।