রংপুরের এসপির সহযোগিতায় আলমগীর ফিরে পেলেন ঘর সংসার

আপডেট : ২৬ জুন ২০২১, ২২:২৩

স্টাফ রিপোর্টার রংপুর

নুন আনতে পান্তা ফুরায় আলমগীরের। একটু আয়-রোজগারের আশায় পাড়ি জমিয়েছিলেন রাজধানী ঢাকায়। সেখানে রিকশা চালিয়ে কোনো রকমে চলত তার জীবন। একদিন হঠাত্ শরীরে বাসা বাঁধে আলসারসহ নানা রোগের উপসর্গ। তারপর রোগাক্রান্ত হয়ে ফিরে আসেন গ্রামে। করোনার মহামারিতে হয়ে পড়েন কর্মহীন। নিদারুণ কষ্টে কাটছিল আলমগীরের জীবন। কষ্ট সইতে না পেরে সন্তানদের নিয়ে স্ত্রীও চলে যান বাপের বাড়ি। এমন আর্তনাদ বিভিন্ন মাধ্যমে জানাজানি হলে দুঃসহ জীবনের গল্প শুনে সাহায্যের হাত বাড়ান রংপুর জেলার পুলিশ সুপার (এসপি) বিপ্লব কুমার সরকার। তার রিকশাভ্যান উপহার পেয়ে আলমগীর এখন ঘুরে দাঁড়িয়েছেন নিজের পায়ে। আলমগীর হোসেনের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার মিঠিপুর ইউনিয়নের রওশনপুর গ্রামে। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।

আলমগীর বলেন, ‘এসপি স্যার আমার অনেক বড় উপকার করেছেন। আমাকে ১০ হাজার টাকা দিয়েছিলেন ভ্যান ও ব্যবসা করার জন্য। তার পরামর্শে একটা ভ্যান কিনেছি। আর বাকি টাকা দিয়ে ব্যবসা শুরু করেছি। এখন ভ্যানে করে হাটবাজারে ফলমূল বিক্রি করছি। বউ-বাচ্চা সবাইকে নিয়ে ভালো আছি। ঘর বন্ধকের টাকা পরিশোধ হয়েছে। অসুস্থতার কারণে ঢাকা থেকে বাড়িতে চলে এসেছিলাম। আমার আলসার রোগটি অনেক আগের অসুখ। মাঝেমধ্যেই অসুস্থ হয়ে পড়ি, এখন ট্রিটমেন্ট নিয়ে আল্লাহর রহমতে ভালো আছি।’